০৪ জুলাই, ২০১৯ ২৩:১৩
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে বিধিবর্হিভূতভাবে ১৪৩টি গাছ কাটার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বৃহস্পতিবার বিকেলে সিলেটে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গাছগুলো বেতার কেন্দ্রের হলেও এতগুলো গাছ কাটার আগে বনবিভাগের যথাযথ অনুমতি নেওয়া উচিত ছিল। কিন্তু তারা তা নেয়নি। কারা কেন এই গাছগুলো কেটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এরপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি সিলেটের মীরের ময়দানে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নতুন ভবন স্থাপনের অজুহাতে কেটে ফেলা হয় ১৪৩টি গাছ। দ্রুত সময়ের মধ্যে গাছগুলো কেটে ফেলার কারণে শুরুতে অনেকে তা জানতেও পারেনি। বর্ষিয়ান অনেক গাছসহ ১৪৩টি গাছ কাটার সংবাদ ছড়িয়ে পড়লে তা নিয়ে ক্ষোভ দেখা দেয় নাগরিক সমাজে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানিয়ে তারা সিলেট নগরীতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
তারা বলছেন, গুগলের স্যাটেলাইট ইমেজের ওপর ভিত্তি করে জিআইএস ও রিমোট সেন্সিংভিত্তিক হাইব্রিড ইমেজ ক্লাসিফিকেশন টেকনিকের মাধ্যমে করা একটি গবেষণা থেকে প্রাপ্ত তথ্য মতে গত আড়াই দশকে সিলেট নগরের গাছপালা (সবুজ) কমেছে প্রায় ৫০ শতাংশ। সেই প্রেক্ষিতে সিলেট নগরীর উষ্ণতা বৃদ্ধিরোধে আরো বেশি সবুজায়ন প্রয়োজন, একই সাথে বৃক্ষনিধণ বন্ধ করা উচিৎ। কিন্তু বিভিন্ন অজুহাতে বৃক্ষ নিধণ চলছেই।
আপনার মন্তব্য