০৫ জুলাই, ২০১৯ ২১:১৫
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সংবাদ পাঠকদের নিয়ে ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ উপস্থাপনার আধুনিক কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে দিন ব্যাপী এই কর্মশালায় অংশ নেন ৩০ জন সংবাদ পাঠক।
কর্মশালায় প্রশিক্ষক এবং সম্পদ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর সিনিয়র সংবাদ উপস্থাপক, নিউজ প্রেজেন্টারস সোসাইটি অব বাংলাদেশের সভাপতি এবং পদ্মা সেতু প্রকল্পের যুগ্ম সচিব দেওয়ান সাঈদুল হাসান।
এদিন সকাল সাড়ে ৯ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার শুরু হয়।
এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংবাদ পাঠক সংসদের সভাপতি শামীমা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক ফখরুল আলম, উপবার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, সংবাদ পাঠকের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রনি।
কর্মশালা বিষয়ে সভাপতি শামীমা চৌধুরী জানান, প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে তবুও যা আমাদের দৃষ্টিতে আসে তা কাগজে লিখে আমরা কণ্ঠে ধারণ করি ছড়িয়ে দেই ইথারে সে খবর গুরুত্বের, তাৎপর্যের, উন্নয়নের ও সতর্কতার।
সংবাদ পাঠকবৃন্দ রাষ্ট্র, জাতি ও সমাজের কাছে দায়বদ্ধতার দায়িত্ব পালন করেন। সংবাদ পাঠ তাই আজ কেবল মাত্র পাঠ নয়, এটি একটি শিল্প, আর শ্রোতারাই আমাদের প্রাণ।
আর সংবাদ পাঠের গুনগত মান উন্নয়নের জন্য তাই নিরন্তর সাধনার প্রয়োজন প্রশিক্ষণের দরকার। এ লক্ষ্যেই আজ সংবাদ পাঠক সংসদ দিনব্যাপী ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ উপস্থাপনার আধুনিক কৌশল আয়োজন করা হয়েছে। আগামীতে ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে।
দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণ কারীদের মধ্যে অভিজ্ঞান পত্র বিতরণ করা হয়।
আপনার মন্তব্য