নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০১৯ ১৫:২২

সুরমা নদীর তীরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় সুরমা নদীর তীর এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জুলাই) সকাল থেকে নগরীর কাজিরবাজার এলাকায় অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে যৌথ অভিযান শুরু করে দুপুর ২টা পর্যন্ত চলে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।

এ সময় কাজিরবাজার খেয়াঘাট এলাকায় ৩৩টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এছাড়া মাছবাজার এলাকায় আরো অন্তত ৩০টিসহ সর্বমোট শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

সেই সাথে বাকি অন্যান্য অবৈধ স্থাপনা মালিকদেরকে জায়গা খালি করে দিতে সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এর আগে অবৈধ দখলদারদেরকে জায়গা খালি করতে নোটিশ প্রদানের পাশাপাশি তিনদিন আগে পুনরায় মাইকিংও করা হয়েছে। এতে দখলদাররা সাড়া না দেওয়ায় আজ অবৈধ স্থাপনাগুলি গুড়িয়ে দেয়া হয়।

তারা জানান, নদীর তীর দখল করে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। উচ্ছেদ শুরু হয়েছে, নদীর তীর দখলমুক্ত করার আগ পর্যন্ত উচ্ছেদ চলবে।

আপনার মন্তব্য

আলোচিত