০৭ জুলাই, ২০১৯ ২১:০৮
সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের নিজামপুর ও মনিপুর মৌজা দিয়ে বয়ে যাওয়া এওলাছড়া বালু মহাল দীর্ঘ দিন থেকে ভূমিদস্যুদের দখলে রয়েছে। মিথ্যে লিজের নাম করে ভূমিদস্যুরা ছড়ার বিভিন্ন অংশে অবাধে তুলছে বালু, আর তা বিক্রি করে রাতারাতি কামাচ্ছে মোটা অঙ্কের টাকা।
বিশেষ করে সার কারখানার কলাবাগানের দুই জায়গায়, পালবাড়ি কালভার্ট, মনিপুর যাওয়ার রাস্তার দুই পাশে, পুরান বাজার কালভার্টের দুই পাশে, নিজামপুর এক ঘাটে ও কলাবাগান কলোনির পূর্বপাশসহ আরো তিনটি স্থানে অবাধে তুলা হচ্ছে বালি।
এমনিভাবে ভূমিদস্যুরা দীর্ঘ দিন থেকে বালি তুলে লক্ষ টাকা বিক্রি করলেও নিরব ভূমিকা পালন করছে প্রশাসন। কিভাবে এসব বালি তুলে বিক্রি করা হচ্ছে জানতে চাইলে নাম প্রকাশ না করে কয়েকজন বলেন তাদের লিজ আছে।
তবে এক বালি শ্রমিকদের সাথে কথা বললে তিনি এই প্রতিবেদককে জানান, তারা এখানে কাজ করতে এসেছে , এতো কিছুর খবর তারা জানেন না। এসময় আরেক শ্রমিক বলেন, লিজ কিনা তা আমারা জানি না। আমারা বালি তুলতে আসছি। তবে তারা আমাদের বলেছেন তোমরা বালি তোল তোমাদের কোন সমস্যা হবে না। তারা কারা? এমন প্রশ্ন শ্রমিকদের করা হলে উত্তরে শ্রমিকরা বলে আমরাতো তাদের নাম জানি না। তবে কয়েকজন আছেন যারা আরো কয়েকজন শ্রমিককে অন্যান্য কয়েকটি ঘাটে বালি তোলার কাজে লাগিয়েছেন।
এদিকে ছড়াটি কয়েক বছর ধরে লিজ না যাওয়ায় একটি চক্র প্রশাসনকে হাতে রেখে ভোগ দখল করছে বলেও অভিযোগ উঠেছে এবং এতে কোন ব্যবস্থা না নেয়ায় বালির মৌসুমে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে এই অবৈধ বালি ব্যবসায়ীরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন জানান, আমি এখানে নতুন এসেছি। আসলে এই বালু মহাল কি অবস্থায় আছে তা আমার জানা নেই। যেহেতু এখন এই বালু মহাল নিয়ে অভিযোগ উঠেছে তাই পুরাতন কাগজ পত্র বের করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
আপনার মন্তব্য