সুনামগঞ্জ প্রতিনিধি

০৫ ডিসেম্বর, ২০১৯ ১৪:৩৫

সুনামগঞ্জ অফিসার্স ক্লাবে অভিযান, তিন কর্মকর্তাসহ চারজনকে কারাদণ্ড

সুনামগঞ্জ জেলা অফিসার্স ক্লাবে অভিযান চালিয়ে সরকারি তিন কর্মকর্তাসহ চারজনকে মাদকসহ আটকের পর এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (৫ ডিসেম্বর) রাত ১টা ৩০মিনিটে অফিসার্স ক্লাবে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরে রাতেই তাদের দণ্ডাদেশ প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

অভিযানের সময় জুয়ার বোর্ড থেকে ৩০ হাজার ৭২ টাকা, জুয়া খেলার কার্ড, বিভিন্ন ব্যান্ডের সিগারেট, উত্তেজক পানিয়ের বোতল, ম্যাচ এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা সদরের আহমদ হোসেন তালুকদারের ছেলে ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইন্সট্রাক্টর নুরুল ইসলাম তালুকদার (৪৪), সুনামগঞ্জ শহরের নতুনপাড়ার বাসিন্দা জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহশিলদার) নিখিল চন্দ্র পুরকায়স্থ (৪৬), দিরাই উপজেলার জগদল গ্রামের বাসিন্দা সুনামগঞ্জ বিসিকের এক্সটেনশন কর্মকর্তা আবুল কাসেম (৪৮) ও সুনামগঞ্জ সদর উপজেলার পৈন্দা গ্রামের মৃত মহেন্দ্র দাসের ছেলে দলিল লেখক শ্যামল দাস (৪৮)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো. সম্রাট হোসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারি কমিশনার এস.এম. রেজাউল করিম, সদর থানার এসআই মুহিত মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা প্রশাসনের অভিযানে অফিসার্স ক্লাব থেকে আটকৃতদের ভ্রাম্যমাণ আদালতে দণ্ডাদেশ দেয়ার পরদিন সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত