২৯ নভেম্বর, ২০১৮ ১৮:৩৩
অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন আশরাফুল আলম সাঈদ (হিরো আলম)।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন হিরো আলম। কিন্তু বুধবার (২৮ নভেম্বর) পর্যন্ত সারা দেশে জাতীয় পার্টি তাদের মনোনীত ২২০ প্রার্থীর তালিকা প্রকাশ করলেও সে তালিকায় ঠাই পায়নি হিরো আলমের নাম।
তাই তিনি নির্বাচনের মাঠে থাকতেই মনোনয়নে দাখিলের শেষ দিন বুধবার পূর্ব ঘোষিত আসন থেকে নির্বাচন করার লক্ষে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আকতারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এদিকে নির্বাচনে অংশ নিতে দৃঢ়প্রতিজ্ঞা এই অভিনেতা জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হয়েই লড়বেন বলে আগেই জানিয়েছিলেন।
মনোনয়ন পত্র জমা দেয়ার পর হিরো আলম বলেন, ‘মানুষ আমাকে ভালোবাসেন। মানুষের ভালোবাসায় তাদের সেবা করতেই জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন চেয়েছি। মনোনয়ন পাইনি। তাতে আমি থেমে থাকবো না। কোন দলের হয়ে নয় আমি স্বতন্ত্র নির্বাচন করছি।’
প্রসঙ্গত, জাপা থেকে মনোনয়ন ফরম নেয়ার পর থেকেই অনলাইন অফ লাইন দুই মাধ্যমেই তাকে নিয়ে চলে আসছিল তুমুল আলোচনা। তার আগে ২০১৬ সালে হিরো আলম সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলেন। বাংলাদেশের গণমাধ্যমের শিরোনাম হন তিনি। ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হন। ভারতীয় সংবাদমাধ্যমও তাকে নিয়ে একাধিক প্রতিবেদন ছাপে।
আপনার মন্তব্য