সিলেটটুডে ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০১৮ ২১:২২

পদত্যাগ না করে নির্বাচন করতে পারবেন মেয়র-চেয়ারম্যানরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পৌর মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা পদত্যাগ না করে স্বপদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন।

রোববার (৯ ডিসেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও নির্বাচন কমিশন কর্তৃক আপিল খারিজের বিরুদ্ধে দিনাজপুর-৩ আসনে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, নীলফামারী-৪ আসনে সৈয়দপুরের পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, নওগাঁ-৫ আসনে পৌর মেয়র নাজমুল হক, পঞ্চগড়-১ আসনে পৌর মেয়র তৌহিদুল হক ও নীলফামারী-৩ আসনে পৌর মেয়র ফয়সাল চৌধুরীর দায়ের করা ৫টি রিট আবেদনের ওপর শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

রিট আবেদনকারী সবাই পৌর মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী। তারা সবাই এখন নির্বাচন করতে পারবেন।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন আইনজীবী এস এম জাফর সাদিক, মো. রেজাউল করিম ও মো. মোসাদ্দেক বিল্লাহ।

আপনার মন্তব্য

আলোচিত