১৯ ডিসেম্বর, ২০১৮ ২০:৪৮
সিলেট-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এতদিন সিলেট-৬ নির্বাচনী আসনের যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা ছিল বাগলা, বসন্তপুর, ডেপুটিবাজার তথা বাদেপাশা ইউনিয়ন এবং তার দক্ষিণাঞ্চল। আগে এসব অঞ্চলে চলাচলের মাধ্যম ছিল পায়ে হেঁটে, নৌকা কিংবা ইঞ্জিন নৌকা। কিন্তু বর্তমান সরকারে আমলে যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে। এখন পাকা সড়ক, নদীতে সেতু হওয়ায় দিনরাত যানবাহনের মাধ্যমে প্রত্যেক মানুষ তার বাড়িতে যাতায়াত করতে পারে।
বুধবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগকালে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যেখানে স্কুলের অভাবে শিশুরা পড়ালেখা বিরত ছিল, সেখানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এক দুই জন শিক্ষকের স্থলে চার কিংবা পাঁচজন শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধি করা হয়েছে। এসব কারণে সাধারণ মানুষ আওয়ামী লীগ ভালোবাসে এবং নির্বাচন এলে নৌকায় ভোট দেয়।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা মধ্যম আয়ের দেশে থেকে উন্নতের দিকে অগ্রসর হচ্ছি। স্থিতিশীল সরকার থাকলে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন।
তিনি বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা আয়ত্ত করে নতুন প্রজন্ম প্রতিযোগিতায় টিকে বিদেশে ভালো চাকুরী করছে। মাদ্রাসায় পড়ালেখা করে আগে সরকারি চাকুরী করা যেত না। আর এখন রাষ্ট্রের যেকোনো চাকুরীতে তারা কাজ করার সুযোগ পাচ্ছেন। শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা হয়েছে।
এসব পথসভায় মন্ত্রী স্থানীয় উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করতে ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
পথসভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী ফারুক আহমদ মিছবাহ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল কাদির, ইউপি চেয়ারম্যান ও দলের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য