১৯ ডিসেম্বর, ২০১৮ ২৩:৪৫
মৌলভীবাজারের কমলগঞ্জে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের নৌকা প্রতীকের প্রচারণার সময় প্রচার কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এসময় প্রচার কাজে ব্যবহৃত রিকশায় অগ্নি সংযোগেরও অভিযোগ করছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটেছে বলে জানান সেই ঘটনায় আহত মুহিবুর রহমান।
তিনি জানান, সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে রিকশা করে মাইক নিয়ে নৌকার প্রচারণা কালে উপজেলার আদমপুর ইউনিয়নে যাওয়া মাত্র স্থানীয় ১০/১৩ জন বিএনপি নেতাকর্মী তাদের উপর অতর্কিতে হামলা চালিয়ে তাদের রিকশায় আগুন ধরিয়ে দেয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বলে জানান তিনি।
![]()
হামলায় আহতরা হলেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক মুহিবুর রহমান (৫০), ইউনিয়ন ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম (২২) ও রিকশাচালক মহীন্দ্র শব্দকর (৪০)। আহতদেরকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে ।
ঘটনার পর পর কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ও ওসি (তদন্ত) সুধীন দাসের নেতৃত্বে পুলিশের একটি ঘটনাস্থল পরিদর্শন করে সিলেটটুডের এ প্রতিবেদককে বলেন, তদন্ত ক্রমে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ প্রতিবেদন লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
আপনার মন্তব্য