২০ ডিসেম্বর, ২০১৮ ১৫:২৩
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোহাম্মদ সাইফুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনায় তাকে প্রত্যাহার করা হয়।
বুধবার (১৯ ডিসেম্বর) রাতে জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ফরিদপুরের এডিসির নতুন দায়িত্ব পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. লিয়াকত আলী।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, সাইফুল হাসানের বাবা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় তাকে এডিসির পদ থেকে প্রত্যাহার করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় ইসি।
এছাড়া গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারে ইসি নির্দেশনা দিলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাকে প্রত্যাহার করা হয়নি।
ঢাকার রমনা, নোয়াখালীর সোনাইমুড়ি ও ঠাকুরগাঁও সদর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসিকেও প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি।
আপনার মন্তব্য