সিলেটটুডে ডেস্ক

২১ ডিসেম্বর, ২০১৮ ১৭:৩১

পিছিয়ে পড়া তিন ওয়ার্ডের উন্নয়নে বিশেষ নজর থাকবে: মুক্তাদির

সিলেট-১ (সিলেট সদর ও মহানগর) আসনে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছে, সিলেট নগরীর অবিচ্ছেদ্য অঙ্গ দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড। বিভাগীয় সদর দপ্তরসহ অসংখ্য সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এই তিন ওয়ার্ডে অবস্থিত। সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান এই তিন ওয়ার্ডবাসীর জন্য বিভাগীয় সদর দপ্তরের পাশে একটি সরকারি হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু ১০ বছরেও আলমপুরে সেই স্কুলটি চালু হয়নি।

শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে সিলেট সিটি করপোরেশনভূক্ত দক্ষিণ সুরমা কায়স্থরাইল, বারখলা ও মোমিনখলা এলাকায় গণসংযোগ পরবর্তী নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দক্ষিণ সুরমার তিন ওয়ার্ডবাসীর বঞ্চনা সম্পর্কে আমি পুরোপুরি অবহিত। আগামীতে জাতীয় ঐক্যফ্রন্টের সরকার গঠিত হলে উন্নয়নে তুলনামূলক পিছিয়ে থাকা সিলেট সিটি করপোরেশনভূক্ত ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের উন্নয়নে বিশেষ নজর থাকবে।

বঙ্গবীর রোড থেকে শুরু করে বারখলা, কায়স্থারাইল হয়ে পশ্চিম মোমিনখলাস্থ বাইপাস রোড পর্যন্ত গণসংযোগ করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

এ সময় তার সাথে ছিলেন সিলেট মহানগর বিএনপির সহআইন বিষয়ক সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, মহানগর বিএনপির সহসভাপতি আব্দুস সাত্তার, মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, মহানগর বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফজল উদ্দিন, ২৫নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মতাহির আলী মাখন, বিএনপি নেতা রেজাউল হক, ২৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ শিপু, মহানগর বিএনপি নেতা জুয়েল আহমদ, নছিবুর রহমান বেলাল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত