ছাতক প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০১৮ ০১:১৩

ছাতকে একমঞ্চে মিলন-মিজান

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী একই মঞ্চ থেকে ধানের শীষ প্রতীকের বিজয়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২১ডিসেম্বর) বিকেলে ছাতকের লাকি কমিউিনিটি সেন্টারের সামনে এক জনসমাবেশে নেতা-কর্মীর উপস্থিতিতে নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। এর আগে দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে ধানের শীষ হাতে নিয়ে খন্ড-খন্ড মিছিল সমাবেশস্থলে আসতে থাকে। সময় গড়ানোর সাথে-সাথে সভাস্থল লোকে-লোকারন্যে পরিনত হয়।

পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, আওয়ামী কারাগার থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে হবে। আগামী ৩০ ডিসেম্বর ছাতক-দোয়ারায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী তার বক্তব্যে বলেন, ভোট চুরির জন্য এখনই ষড়যন্ত্র শুরু করেছে সরকার। সব ষড়যন্ত্র রুখে দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও জেলে থাকা হাজার-হাজার বিএনপি নেতাকর্মীদের মুক্ত করার নির্বাচন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফদ মসলিসের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন, দোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হক নমু, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, দোয়ারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মাষ্টার প্রমুখ।

সভা শেষে শহরে মিছিল করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত