২৫ ডিসেম্বর, ২০১৮ ১৫:৫২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের ম্যাজিশিয়ান হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ম্যাজিকে সারা দেশে নৌকার জয়জয়কার। কারণ নৌকা উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে জনগণ কিছু পায়, দেশের উন্নয়ন হয়।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নোয়াখালী-৩ আসনে (বেগমগঞ্জ) আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ কিরনের সমর্থনে বেগমগঞ্জ চৌরাস্তায় আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, উনসত্তরের পর আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে এসেছে। বন্দুকের নল উঁচিয়ে নয়।
গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি সম্ভব নয়— মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অনেক মিডিয়ায় দেখেছি- আওয়ামী লীগ গণতন্ত্রে নয়, সমৃদ্ধির ওপর জোর দিচ্ছে। এটা ঠিক না। অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি হয় না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই দেশে সমৃদ্ধি হচ্ছে।’
বেগমগঞ্জবাসীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ফ্লাইওভার নির্মাণ করা হবে। একই সঙ্গে নোয়াখালী থেকে ফেনী এবং লক্ষ্মীপুর থেকে নোয়াখালী পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।
পথসভায় উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনে নৌকার প্রার্থী মামুনুর রশিদ কিরন, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম জাফর উল্যাহ, চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আক্তার হেসেন ফয়সলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য