নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৫

পুলিশ ও প্রশাসন দাসানুদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে: মুক্তাদির

সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আর সরকারের এই মাস্টারপ্ল্যান বাস্তবায়নে পুলিশ ও প্রশাসন নির্লজ্জভাবে সরকারের দাসানুদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সরকারের এই খায়েস পূরণ হবেনা। কারণ, দেশের জনগণ জেগে উঠেছে। বাংলাদেশের মানুষ যে কোন মূল্যে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করবে। ৩০ ডিসেম্বর দেশের সকল কেন্দ্র পাহারা দিয়ে নিজেদের ভোটের আমানতকে রক্ষা করতে হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির মঙ্গলবার বিকেলে ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি বলেন, গত এক সপ্তাহে শুধুমাত্র সিলেট সদর উপজেলা ও মহানগরীতে বিএনপি ও ২৩ দলীয় জোটের ৫ শ’ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি বাড়ি তল্লাশি করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। পুলিশী হয়রানীর মাধ্যমে নির্বাচন বানচালের এ চেষ্টা কখনোই সফল হবেনা।

সভায় সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেট-এর উদ্যোগে নগরীর আম্বরখানাস্থ ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় কেন্দ্রীয় ও সিলেটের পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেন।

আজ মঙ্গলবার সকালে খন্দকার আব্দুল মুক্তাদির বড়দিন উপলক্ষে নগরীর নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান চার্চে খ্রিষ্টান মিশনারিজদের সাথে কুশলাদি ও মতবিনিময়ের মাধ্যমে তার কর্মসূচীর সূচনা করেন।

এছাড়া, সকাল ১১টা থেকে নগরীর জালালাবাদ আবাসিক এলাকা, সুবিদবাজার বনকলাপাড়া, জিন্দাবাজারের বিভিন্ন বিপণী বিতানে গণসংযোগ করেন। এরপর বিকেলে তিনি পেশাজীবী পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহ্বায়ক ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. শাহনেওয়াজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো ভিসি প্রফেসর ড. ইউসুফ হায়দার।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব এর কেন্দ্রীয় সভাপতি ড. এ কে এম আজিজুল হক, কৃষিবিদ আনোরুন নবী মজুমদার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গণিত বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সাজেদুল করিম, পেশাজীবী নেতা ড. রাশেদ হাসনাথ, সাংবাদিক বদরুদ্দোজা বদর, প্রফেসর ড. মো. আল-আমীন, প্রফেসর ডা. জিয়াউল ইসলাম, ডা. মোসাদ্দেক আহমেদ চৌধুরী, প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ফরিদ আহমদ, ড. মো. তাজ উদ্দিন, সাংবাদিক খালেদ আহমদ, প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, মো. মঞ্জুরুল হায়দার, মো. আয়নাল হক, মো. মেহেদী হাসান, আলমগীর আলম, তাওহীদুর রহমান, শাহীন আহমদ, রিয়াজ কামাল আবিদ মজমুদার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত