২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:৫৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পাকিস্তানের সেনারা মুক্তি বাহিনীর সদস্যদের খুঁজে খুঁজে বের করত। এবার ধানের শীষ ও বিএনপির সমর্থকদের খুঁজে বের করা হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকাকে তিনি আলবদর, আল-শামসের সঙ্গে তুলনা করেন।
মঙ্গলবার সন্ধ্যার পর গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গয়েশ্বর চন্দ্র রায় এমনটি বলেন। এসময় ঐক্যফ্রন্ট নেতারা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন।
এরআগে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় হামলার শিকার হন ঢাকা-৩ আসনের ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়।
ইসিকে উদ্দেশ্যে এসময় গয়েশ্বর আরও বলেন, দায়িত্ব পালন না করে সরকারকে সন্তুষ্ট করার কারণে এ ধরনের হামলার ঘটনা ঘটছে। গয়েশ্বর বলেন, ‘৩০ তারিখের নির্বাচন গণতন্ত্রের যুদ্ধ। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এই যুদ্ধে আমরা জয়লাভ করবই।’
এসময় পক্ষপাতী আচরণের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে সিইসির অবিলম্বে পদত্যাগ চায় তারা। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠক শেষে এ পদত্যাগের দাবি তোলা হয়। ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই নির্লজ্জ, অযোগ্য, অকার্যকর নির্বাচন কমিশনকে জাতির কাছে জবাবদিহি করতে হবে। তারা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমরা অবিলম্বে এই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই।’ পদত্যাগ না হলে ‘ন্যূনতম’ সুষ্ঠু নির্বাচনও হবে না বলে মন্তব্য করেন তিনি।
আপনার মন্তব্য