নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০১৮ ১৪:১৮

‘শেখ হাসিনা ক্যারিশম্যাটিক নেত্রী’

খাদিম নগরের জনসভায় ড. মোমেন

সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. একে আব্দুল মোমেন বলেছেন, গত ১০ বছরে আওয়ামী লীগের অভূতপূর্ব উন্নয়ন সাধনের কারণে নৌকার যে গণজোয়ার তৈরি হয়েছে, তা কোন অপশক্তি থামাতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্যারিশম্যাটিক নেত্রী। তিনি দেশের গণ্ডী পেরিয়ে বিশ্বেরও নেত্রীতে রূপান্তরিত হয়েছেন। সততা ও দৃঢ়তার কারণে তিনি বিশ্বের প্রভাবশালীদের মধ্যে একজনে রূপান্তরিত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে ড. মোমেন সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের পাঠান পাড়ায় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্ব দেশ গত ১০ বছরে যে উন্নয়ন করেছে, স্বাধীনতার ৩৮ বছরেও তা হয়নি। এমন নেত্রী এবং তাঁর নৌকা মার্কাকে সবাই পছন্দ করছে। আগামী ৩০ ডিসেম্বর এ মার্কাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীর ত্যাগ এবং দেশের উন্নয়নের স্বীকৃতি দিতে হবে।

এ সময় তিনি ওই এলাকায় একটি প্রাইভেট ইকোনোমিক জোন হচ্ছে জানিয়ে বলেন, সেখানে দুই থেকে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান হবে। আর তাতে অগ্রাধিকার পাবেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। এই ইকোনোমিক জোনের কারণে ওই এলাকার চেহারা বদলে যাবে বলেও তিনি জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৬ নং ওয়ার্ড মেম্বার বশির আহমদের সভাপতিত্বে, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ও যুবলীগ নেতা সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, ইকোনোমিক জোনের এমডি ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আপ্তাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তেরা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, ইউপি সদস্য আনছার আলী, শ্রমিক লীগ নেতা মাহবুবুর রহমান, আরিফ আহমদ সুমন, সুজন আহমদ, হরমুজ আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও সভায় ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য

আলোচিত