সিলেটটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০২৬ ১১:৪৭

হিরো আলমকে গ্রেপ্তারে পরোয়ানা

নায়িকা বানানোর প্রলোভনে ধর্ষণ, বিয়ে ও গর্ভপাতের অভিযোগ

বিউটি পার্লারের সত্ত্বাধিকারী এক নারীকে নায়িকা বানানোর কথা ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণসহ মারপিট করে গর্ভপাত ঘটানোর এক মামলায় আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বগুড়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আনোয়ারুল হক এ আদেশ দেন।

সাদিয়া রহমান মিথিলা (২৭) নামে এই নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১-এ ২০২৫ সালের ৪ মে এই মামলা করেন।

মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বগুড়ার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগে জানা যায়, আসামি আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম বাদীকে ছোট পর্দার নায়িকা বানানোর লোভ দেখায়। এরপর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। মৌলভি ডেকে তাকে বিয়ে করে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে সংসার করেন। তাছাড়া শর্টফিল্ম তৈরির জন্য তার কাছ হতে হিরো আলম ১৫ লাখ টাকা ধারও নেন।

পরে বাদী কাবিনের জন্য চাপ দিলে হিরো আলম গত বছরের ১৮ এপ্রিল বগুড়ার বাড়িতে নিয়ে আসেন এবং তাকে পেটের বাচ্চা নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করেন। বাদী এতে রাজী না হলে হিরো আলম ২১ এপ্রিল তাকে মারপিট করেন। ওই দিনই তাকে বগুড়ার একটি ক্লিনিকে ভর্তি করলে তার গর্ভের সন্তান নষ্ট হয়। পরে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান হাসপাতালে ২৪ এপ্রিল ভর্তি করা হলে সেখানে ২৬ এপ্রিল পর্যন্ত চিকিৎসা করা হয় বলে অভিযোগে উল্লেখ আছে।

পিবিআই এর পুলিশ পরিদর্শক কবিরুল ইসলাম অভিযোগটি তদন্ত করে গত ২০ জানুয়ারি তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেন।

আপনার মন্তব্য

আলোচিত