​নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি , ২০২৬ ২৩:৪০

আব্দুল লতিফের প্রয়াণ দিবসে সোনিয়ার কণ্ঠে ‘ও কাজল ভোমরা’

অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’র সুরকার এবং বরেণ্য শিল্পী আব্দুল লতিফের মৃত্যুবার্ষিকী ছিলো শুক্রবার। বরেণ্য এই শিল্পীর প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জনপ্রিয় লোকসঙ্গীত ‘ও কাজল ভোমরা’ নতুন আঙ্গিকে প্রকাশ করছেন এ প্রজন্মের শিল্পী সোনিয়া সুভদ্রা।

​গানটি মূলত আব্দুল লতিফের কথা ও সুরে চিত্রায়িত এক অনবদ্য সৃষ্টি, যা কিংবদন্তি কণ্ঠশিল্পী নিনা হামিদের কণ্ঠে ‘উজান গাঙের নাইয়া’ অ্যালবামের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পল্লীগীতির সেই চিরায়ত মাধুর্য বজায় রেখে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দিতে গানটি নতুন করে গেয়েছেন সোনিয়া।

​গানটি প্রসঙ্গে শিল্পী সোনিয়া সুভদ্রা বলেন, ​“আব্দুল লতিফ স্যার আমাদের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। ভাষার মাসে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর এর চেয়ে ভালো মাধ্যম আর কিছু হতে পারে না। ‘ও কাজল ভোমরা’ আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় একটি গান। চেষ্টা করেছি মূল সুরের প্রতি শ্রদ্ধা রেখে নিজের কণ্ঠে গানটিকে তুলে ধরতে।”

সোনিয়া জানান, এই প্রথমবারের মতো তার সাথে গানে সঙ্গত করেছে তারই ছেলে অনিন্দ্য।

আপনার মন্তব্য

আলোচিত