সিলেটটুডে ডেস্ক

১৮ জুলাই, ২০২৬ ১৯:৪৪

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ‘চ্যানেল ওয়ান’-এ সাইবার হামলার অভিযোগ

বেসরকারি টেলিভিশন স্টেশন ‘চ্যানেল ওয়ান’-এ সাইবার হামলার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পরপরই তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সাইবার হামলা চালানো হয়েছে। একই সঙ্গে চ্যানেল ওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও হ্যাক করার চেষ্টা চলছে এবং এই হামলা এখনও অব্যাহত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ জানায়, গত ১৭ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৭টার ‘ওয়ান বুলেটিন’-এ ‘নীতি-নৈতিকতা ভেঙে সরকারের সাথে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ব্যবসা; তিনটি মন্ত্রণালয়ে ঠিকাদারি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। ওই প্রতিবেদনে সরকারের বিভিন্ন দপ্তরে মীর শাহে আলমের ঠিকাদারি কাজ নিয়ে বিস্তারিত তথ্য-প্রমাণ তুলে ধরা হয়। প্রতিবেদনে দেখানো হয়, প্রতিমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের কাজও এসব ঠিকাদারির অন্তর্ভুক্ত এবং দায়িত্ব নেওয়ার পর তিনি সরকারের কাছ থেকে প্রায় ৪০ কোটি টাকার কাজ নিয়েছেন, যা সংবিধান ও নীতিবহির্ভূত বলে আইনবিদ ও সংশ্লিষ্টরা মতামত দিয়েছেন।

এই অনুসন্ধানী প্রতিবেদনটি চ্যানেল ওয়ানের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হওয়ার পর থেকেই তাদের ফেসবুক পেজে ক্রমাগত সাইবার হামলা শুরু হয়। ‘আনন্দবার্তা’ এবং ‘আলি খান’ নামে দুটি পেজ থেকে ভুয়া কপিরাইট দাবি করে প্রতিবেদনটি ব্লক করে দেওয়া হয়। চ্যানেল ওয়ানের নিজস্ব প্রতিবেদনের ওপর অন্য কারও এমন কপিরাইট দাবি ও তা সাথে সাথে ব্লক হওয়াকে অস্বাভাবিক ও এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুসন্ধানে দেখা গেছে, সংঘবদ্ধ চক্র ভুয়া কপিরাইট দাবি করে প্রতিবেদনটি ব্লক করার পাশাপাশি এ সম্পর্কিত সংবাদের ফটোকার্ডটিও ফেসবুক থেকে সরিয়ে ফেলেছে। এরপর রাতভর হাজার হাজার ‘বট অ্যাকাউন্ট’ ব্যবহার করে চ্যানেল ওয়ানের বিভিন্ন কনটেন্টে ঢালাওভাবে রিপোর্ট করা হয়। বিশেষ করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংক্রান্ত নতুন কোনো পোস্ট দিলেই ফেসবুকে রিপোর্ট করা হচ্ছে। ভুয়া কপিরাইটের অভিযোগে পেজের কয়েকটি খবর, কার্ড এমনকি ফেসবুক পেজের প্রোফাইল ও কাভার ছবিতেও স্ট্রাইক দেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য চ্যানেল ওয়ানের ফেসবুক পেজটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া। আজ ১৮ জুলাই (শনিবার) বিকেলে চ্যানেল ওয়ানে সাইবার হামলা সম্পর্কিত খবরটিও ফেসবুক পেজ থেকে জোরপূর্বক সরিয়ে ফেলা হয়।

এ প্রসঙ্গে চ্যানেল ওয়ানের এডিটর ইন চিফ নাজমুল আশরাফ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ঠিকাদারি ব্যবসা নিয়ে করা প্রতিবেদনটি সাংবাদিকতার সকল নিয়ম ও নীতি-নৈতিকতা মেনে তৈরি করা হয়েছে। প্রতিবেদনটির বিষয়ে কারও কোনো বক্তব্য থাকলে নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করার সুযোগ রয়েছে। কিন্তু প্রচলিত আইনি ও প্রাতিষ্ঠানিক পথে না গিয়ে সাইবার আক্রমণ চালিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে।

বর্তমানে ফেসবুক পেজটিতে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য চ্যানেল ওয়ানের কারিগরি দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়।

এ ব্যাপারে প্রতিমন্ত্রী ও তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

আপনার মন্তব্য

আলোচিত