আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ, ২০২১ ১১:৩৩

মিয়ানমারে পুলিশের গুলিতে আরও ২ বিক্ষোভকারী নিহত

মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের থারকেটা জেলায় গতরাতে পুলিশের গুলিতে কমপক্ষে দুজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

শনিবার (১৩ মার্চ) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ডিভিবি নিউজের প্রতিবেদনে বলা হয়, পূর্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে থারকেটা থানার সামনে জড়ো হওয়া জনতার ওপর গুলি চালায় পুলিশ।

১৯৮৮ সালে নিহত এক শিক্ষার্থীর মৃত্যুবার্ষিকী ঘিরে আজ মিয়ানমারের বড় ধরনের সেনাবিরোধী বিক্ষোভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই শিক্ষার্থী নিহতের জেরে তৎকালীন মিয়ানমার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ তীব্র হয় এবং গণতন্ত্রের আইকন হিসেবে অং সান সু চি’র আত্মপ্রকাশ ঘটে।

মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের একযোগে কাজ করার প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে আজ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর বিরুদ্ধে সবাইকে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।

গত বৃহস্পতিবার জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার টম অ্যান্ড্রুজ জানিয়েছেন, গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে অন্তত ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগেরই বয়স ২৫ বছরের কম।

অভ্যুত্থানের পর থেকে প্রায় দুই হাজারেরও বেশি মানুষকে অবৈধভাবে আটক করা হয়েছে এবং সেখানে সহিংসতা ক্রমাগত বেড়েই চলেছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত