০৩ জানুয়ারি, ২০১৬ ১১:৪৩
মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার দ্বিতীয় দিনের কর্মদিবসেই মেক্সিকোতে নব নির্বাচিত নারী মেয়র গিসেলা মোতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মেক্সিকো সিটির সংবাদপত্র এল ইউনির্ভাসাল জানায়, শনিবার নিজ বাড়িতে চার বন্দুকধারীর হামলায় নিহত হন মেয়র গিসেলা মোতা।
নিজ ট্যুইটার একাউন্টে মোতার নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন স্থানীয় মোরেলোস রাজ্যের গভর্নর গ্রাকো রামিরেজ।
শুক্রবার (১ জানুয়ারি) মেয়র হিসেবে শপথ নিয়েছিলেন গিসেলা। দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক ঘণ্টা পরেই রাজধানী শহর মেক্সিকো থেকে ৮৫ কিলোমিটার দক্ষিণের টেমিক্সো শহরে নিজের বাড়িতেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, চারজন বন্দুকধারী ওই মেয়রের ওপর হামলা চালিয়েছিল। পরে পুলিশ হামলাকারীদের ওপর গুলি ছুড়লে দুজন নিহত হয়েছে। অন্যদেরকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
তবে ঠিক কি কারণে তার ওপর হামলা চালানো হয়েছে তা এখনও পরিস্কার নয়।
গত বছর মেক্সিকোতে বেশ কয়েকজন মেয়রকে খুন করা হয়। দেশটিতে মাদক ব্যবসার অর্থে পুষ্ট সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো অনেক এলাকায় সমাজ নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে।
মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর ৩০ বছর বয়সী ওই নারী মেয়র প্রতিজ্ঞা করেছিলেন তিনি বাণিজ্যিক শহর টেমিক্সোকে সব অন্যায় এবং অপরাধ থেকে মুক্ত করবেন। বিশেষ করে ওই এলাকার মাদক এবং বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য তিনি যথাযথ ব্যবস্থা নেবেন।
নিহত মেয়র মোতা বামপন্থি ডেমোক্রেটিক রেভোল্যুশন পার্টির নেতা এবং মেক্সিকোর কেন্দ্রীয় কংগ্রেসের সাবেক সদস্য ছিলেন।
আপনার মন্তব্য