০৭ মে, ২০২৫ ১০:৫৬
পাকিস্তান শাসিত কাশ্মীরসহ দেশটির বেশ কয়েকটি জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি।
চীন ওই দুই দেশেরই প্রতিবেশী এবং পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে চীন জানিয়েছে, ‘চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।’
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের আলাদা করা সম্ভব নয়—এরা চীনেরও প্রতিবেশী। চীনের অবস্থান সকল প্রকার সন্ত্রাসবাদের বিপরীতে।’
চীন ভারত-পাকিস্তান দু'পক্ষকেই ‘শান্তি ও স্থিতিশীলতাকে’ গুরুত্ব দিয়ে সংযত থাকতে আহ্বান জানিয়েছে। চীনের ওই মুখপাত্র বলেন, তারা এমন কোনও পদক্ষেপ যেন না নেয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
ভারত মঙ্গলবার মধ্যরাতে শুরু করে ‘অপারেশন সিন্দুর’। পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা করার লক্ষ্য নিয়েই অভিযান শুরু করে ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।
দিল্লি বলেছে, তারা পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ‘নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ও পরিমিত’ হামলা চালিয়েছে।
তবে ছয়টি স্থানে হামলা হওয়ার কথা স্বীকার করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, অন্তত আটজন নিহত হয়েছেন। সেই সঙ্গে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
অন্যদিকে ভারত-শাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান বলেছে, ‘উপযুক্ত সময় ও স্থান বেছে নিয়ে’ এই হামলার জবাব দেওয়া হবে।
আপনার মন্তব্য