সিলেটটুডে ডেস্ক

০৮ মে, ২০২৫ ১৩:৩১

বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর

ভয়াবহ বিস্ফরণের আওয়াজে সকাল শুরু হলো পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে।

বৃহস্পতিবার (৮ মে) সকালে লাহোরে বড় ধরণের বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও টিভি এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানায়।

পাকিস্তানে ভারতের হামলার পর এই বিস্ফোরণের আওয়াজে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে।

তবে বিস্ফোরণে উৎস নিয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু উল্লেখ করেনি রয়টার্স।

কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। এই সার্জিকাল স্ট্রাইকের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিনদুর’ বা ‘সিঁদুর’ অভিযান। এই হামলায় পাকিস্তানে অন্তত ৩১ জন নিহতের খবর পাওয়া গিয়েছে।

এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীকে ভারতের হামলার জবাবে ‘সংশ্লিষ্ট পদক্ষেপ’ গ্রহণের অনুমোদন দেয় দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)।

গতকাল বুধবার ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে অনুষ্ঠিত এনএসসি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পাকিস্তান বলছে, ভারতকে এই হামলার মূল্য দিতে হবে।

সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, এনএসসি জানায় আত্মরক্ষার স্বার্থে ভারতের বিমান হামলার শক্ত জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে।

অপরদিকে ভারতের দাবি, তারা পাকিস্তানে অবস্থিত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। এইসব ঘাঁটি থেকে ভারতে হামলা চালানোর পরিকল্পনা চলছিল বলে তারা অভিযোগ করেছে। কিন্তু পাকিস্তানের দাবি, পাকিস্তানের মোট ছয়টি স্থানে হামলা চালানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত