২৮ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৫২
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর জঙ্গিবিরোধী অভিযানে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি রোববার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে কারাক জেলার দর্শখেলের শাহ সেলিম থানার কাছে সেনারা এই অভিযান চালায়।
অভিযানে মোট ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র, নগদ টাকা এবং ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আফগান সীমান্তবর্তী অঞ্চলে বিদেশিদের উপস্থিতির বিষয়টি সামনে এসেছে।
স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেছে, এর আগেও একই ধরনের অভিযানে দুই থেকে তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। তারা ধর্মীয় শিক্ষা নিতে আফগানিস্তানে প্রবেশ করলেও পরবর্তীতে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েন।
শনিবারের অভিযানে পাকিস্তান সেনাবাহিনী জানায়, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ১৭ সদস্যকে হত্যা করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোল্লা নাজির গ্রুপের সদস্যদের অবস্থান শনাক্ত করার পর সেনাবাহিনী, স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) যৌথভাবে এ অভিযান চালায়।
দুইদিনব্যাপী অভিযানে পাহাড়ি এলাকায় টিটিপি সদস্যদের ঘিরে ফেলা হয়। এতে ১৭ জন নিহত ও ১০ জন আহত হন।
অপরদিকে নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
আপনার মন্তব্য