সিলেটটুডে ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২৫ ১৯:৫৮

রোহিঙ্গাদের অনুদান সহায়তা দেবে যুক্তরাজ্য-কাতার

ছবি: সংগৃহীত

কক্সবাজারে আশ্রয় নেওয়া ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা এবং তাদের আশপাশে বসবাসকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা এবং পরিবেশ সুরক্ষায় যুক্তরাজ্য ও কাতার যৌথভাবে ১১.২ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে।

ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতি জানায়, এই তহবিল দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত অসহায় পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় পরিবেশগত ক্ষয় কমাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পৌঁছে দেওয়া হবে।

বিবৃতিতে দুই দেশ উল্লেখ করে, তারা নিরাপদ, স্বাস্থ্যকর এবং পরিবেশবান্ধব সম্প্রদায় গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করছে। এলপিজি সরবরাহের ফলে রোহিঙ্গা পরিবারের জ্বালানি কাঠের ওপর নির্ভরতা কমবে—এতে আশপাশের এলাকায় বন উজাড় কমবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে জ্বালানি কাঠের চাহিদা বেড়ে যাওয়ায় সেখানে বন উজাড় বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের আগমনের পর থেকে কক্সবাজার বিশ্বের অন্যতম বৃহৎ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবে পরিচিত হয়ে রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত