সিলেটুডে ডেস্ক

০১ মার্চ, ২০২৬ ২১:৩১

ইরানের আত্মরক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ইরানের আত্মরক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। প্রতেবেশী দেশগুলোর উদ্দেশ্যে তিনি বলেছেন, ইরানের প্রতিবেশী দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ক্ষুব্ধ হওয়া, ইরানের ওপর নয়।

আল জাজিরাকে এসব কথা বলতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিবেশী ভাইদের লক্ষ্যবস্তু করে হামলা করছি না। আমরা হামলা করছি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে।’

ইরান প্রতিবেশী সব দেশের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নিজের অবস্থান ব্যাখ্যা করছে বলে উল্লেখ করেন আব্বাস আরাগচি। তিনি বলেন, তেহরানের আশা প্রতিবেশী দেশগুলো এটা বুঝতে পারবে যে, এই পরিস্থিতি ইরানের সৃষ্টি নয়। এর জন্য ইরানের দায়ও নেই। কিন্তু ইরানের আর করার কিছু নেই।

এছাড়াও আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি লেখেন, ‘ইরান শুধু আত্মরক্ষার জন্যই প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমাদের জনগণের বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আমরা শুধু ইসরায়েলের হামলার জবাব দিয়েছি, তাদের সহযোগীদের নয়।’

বিশ্বকে এই যুদ্ধকে আরও বিস্তৃত করার ইসরায়েলি চেষ্টার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘ইরান সম্মানের সঙ্গে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে এবং আগ্রাসীকে তার বড় ভুলের মূল্য চোকাতে বাধ্য করবে।’

যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ইরান কূটনৈতিক সমাধানে আগ্রহী বলেও জানান তিনি। তাঁর ভাষ্যমতে, ‘আমরা অতীতেও যেমন ছিলাম, এখনো কূটনীতি নিয়ে আন্তরিক ও ভবিষ্যৎমুখী অবস্থানে আছি।’

আপনার মন্তব্য

আলোচিত