সিলেটটুডে ডেস্ক

৩১ মে, ২০২৬ ১১:৫৬

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর প্যারিসে সহিংসতা, শতাধিক গ্রেপ্তার

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেয়ি (পিএসজি) চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জয়ের পর ফ্রান্সের বিভিন্ন স্থানে সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্যারিসসহ বিভিন্ন এলাকা থেকে চারশ’র বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩১ মে) ফরাসি পুলিশ জানায়, রাজধানী প্যারিসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাজারো পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তবে উদযাপন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে বাস, ট্রেন ও রেল চলাচলও বিঘ্নিত হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, উচ্ছ্বসিত সমর্থকদের একটি অংশ আতশবাজি ও ফ্লেয়ার নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শহরের কেন্দ্রস্থলে টিয়ার গ্যাস ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সড়কে বৈদ্যুতিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে, বিভিন্ন স্থানে ফ্লেয়ার জ্বালানো হয়েছে এবং অন্তত একটি দোকানের কাচ ভাঙচুর করা হয়েছে।

পিএসজি টাইব্রেকারে জয় নিশ্চিত করার পরপরই প্যারিসের বিখ্যাত চ্যাম্পস ইলিসিস এলাকায় বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। এর আগে ম্যাচ চলাকালে পিএসজির মাঠ পার্ক দে প্রাঁসে বড় পর্দায় খেলা দেখতে আসা সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

পুলিশ জানিয়েছে, সহিংসতার সময় ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, পিএসজির জয় উদযাপন ঘিরে টানা দ্বিতীয় বছরের মতো সহিংসতার ঘটনা ঘটল। এর আগে ২০২৫ সালে দলটির সাফল্য উদযাপনের সময়ও ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছিল, যেখানে প্রাণহানির ঘটনাও ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত