১৯ জুন, ২০২৬ ১২:০৬
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বমঞ্চের ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী গাড়িতে এলোপাতাড়ি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় একজন নিহত এবং অন্তত ৪ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী উবার চালকও রয়েছেন।
এই ঘটনার পর বিশ্বকাপ টুর্নামেন্টকে কেন্দ্র করে মার্কিন প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় পুলিশের দেওয়া তথ্যমতে, গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কানসাস সিটির বিভিন্ন স্থানে এই গোলাগুলির ঘটনা ঘটে। ঠিক একই সময়ে শহরের ইন্টারস্টেট ৭০ এবং ইন্টারস্টেট ৬৭০ হাইওয়েতে কয়েকটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাটি যখন ঘটে, তখন অ্যারোহেড স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় আলজেরিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে নেমেছিল আর্জেন্টিনা দল।
ঘটনার পর ২২ বছর বয়সী এক সন্দেহভাজন যুবককে চিহ্নিত করেছে পুলিশ। তবে অভিযুক্ত ব্যক্তি এখনও পলাতক থাকায় তাকে 'সশস্ত্র ও বিপজ্জনক' হিসেবে ঘোষণা করে সর্বত্র তল্লাশি চালানো হচ্ছে।
ভুক্তভোগী আর্জেন্টিনা সমর্থকদের বরাত দিয়ে জানা যায়, স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় আকস্মিকভাবে একটি গাড়ি তাদের উবারের পাশে এসে গতি কমিয়ে দেয় এবং জানালা দিয়ে সরাসরি গুলি ছুড়তে শুরু করে। আকস্মিক এই হামলায় উবার চালকের পায়ে গুলি লাগে। তবে প্রথম ধাক্কায় গাড়ির ভেতরে থাকা সমর্থকরা ভেবেছিলেন হয়তো চাকা পাংচার বা টায়ার ফেটে গেছে। পরে রক্ত ও ক্ষত দেখে তারা হামলার বিষয়টি টের পান।
পুলিশ জানিয়েছে, আহত উবার চালককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তার আঘাত প্রাণঘাতী নয়। তবে একই উবারে থাকা আর্জেন্টিনার অন্য সমর্থকরা গুরুতর জখম হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যেই একজন মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাকিদের চিকিৎসা চলছে।
আপনার মন্তব্য