সিলেটটুডে ডেস্ক

১৮ জুলাই, ২০২৬ ০৭:৪২

উত্তাল বেলুচিস্তান: বালোচ-যোদ্ধাদের হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহতের দাবি

‘স্বাধীনতা ঘোষণা’ নিয়ে তীব্র উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানের অন্যতম অশান্ত প্রদেশ বেলুচিস্তান। এরই মধ্যে প্রদেশটির নিরাপত্তা বাহিনীর বহর লক্ষ্য করে একাধিক বড় ধরনের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

বালোচ লিবারেশন আর্মির দাবি, এসব হামলায় অন্তত ৪৫ পাকিস্তানি সেনা নিহত এবং আরও ডজনখানেক আহত হয়েছেন।

আঞ্চলিক সংবাদমাধ্যম 'বেলুচিস্তান পোস্ট'-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার কোয়েটা-করাচি মহাসড়কের একটি নির্দিষ্ট অংশে পাকিস্তানি সামরিক বাহিনীর বাসগুলো লক্ষ্য করে প্রথম বড় ধরনের হামলাটি চালানো হয়। এর রেশ কাটতে না কাটতেই আজ শুক্রবার সকালে মাস্তুংয়ের খাদকুচা এলাকার 'মাশা আল্লাহ হোটেল'-এর কাছে আরেকটি পাকিস্তানি সামরিক বহর অতর্কিত হামলার মুখে পড়ে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেলুচিস্তানের সশস্ত্র যোদ্ধারা শুক্রবার সকালের এই সর্বশেষ হামলায় সেনাবাহিনীর তিনটি যানকে লক্ষ্যবস্তু বানায়। কিছু স্থানীয় সূত্রের দাবি, এই হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তবে কোনো সরকারি সূত্র এখন পর্যন্ত এই হামলা বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করেনি।

এর আগে বৃহস্পতিবার খাদকুচা এলাকায় পাকিস্তানি সামরিক কর্মকর্তা বহনকারী বাস, তাদের নিরাপত্তা দল এবং পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনাবহরকে লক্ষ্য করে চালানো বড় ধরনের হামলার দায় স্বীকার করে বালোচ লিবারেশন আর্মি (BLA)। সংগঠনটির দাবি, ওই এক হামলাতেই ৪৫ জনের বেশি সেনা প্রাণ হারিয়েছেন।

এদিকে, বিবিসি উর্দুর উদ্ধৃতি দিয়ে পাকিস্তানি কর্মকর্তারা সামরিক বহরে হামলার বিষয়টি নিশ্চিত করলেও, তাদের পক্ষ থেকে হতাহতের কোনো সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

তবে শুক্রবার সকালের দ্বিতীয় দফার হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। এই ধারাবাহিক হামলার ঘটনায় পুরো অঞ্চলজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

আপনার মন্তব্য

আলোচিত