সিলেটটুডে ডেস্ক

২৪ জুলাই, ২০২৬ ১২:২৮

২৬ দিন পর অনশন ভাঙলেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রতিবাদে অনশন করছিলেন তিনি

দীর্ঘ ২৬ দিন পর অনশন ভাঙলেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রতিবাদে ককরোচ জনতা পার্টির আন্দোলনে অংশ নিয়েই অনশন করছিলেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা (জে পি নাড্ডা) ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে অনশন ভাঙেন তিনি।

এর আগে, জিতেন্দ্র সিং ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোর সঙ্গে কথা বলে সরকার আন্দোলনকারীদের উদ্বেগ ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে আশ্বাস দেন। পরে জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং হাসপাতালে গিয়ে ওয়াংচুকের হাতে সরকারের আশ্বাসপত্র তুলে দেন।

হাসপাতালে ওয়াংচুকের স্ত্রী ও উপস্থিত অন্যদের সামনে সরকারের আশ্বাসপত্র পড়ে শোনান জে পি নাড্ডা। তিনি বলেন, ‘গত ২০ জুলাই সংসদ অভিমুখে মিছিলে অংশ নেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো মামলা না করার বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।’

নাড্ডা আরও জানান, সরকার ইতোমধ্যেই প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে সংসদে আলোচনার আশ্বাস দিয়েছে। পাশাপাশি সাম্প্রতিক নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে আত্মহত্যাকারীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।

ওয়াংচুকের অনশন ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ‘আমরা খুশি যে সোনম স্যার ২৬ দিন পরে তার অনশন শেষ করেছেন। আপনার অসাধারণ সাহস এবং ত্যাগের জন্য ধন্যবাদ স্যার। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গোটা দেশের চেতনাকে নাড়িয়ে দিয়েছেন। আপনার জীবন এই দেশের কাছে খুবই মূল্যবান।’

তিনি আরও জানান, সোনাম ওয়াংচুক অনশন শেষ করলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তারা দিল্লির যন্তরমন্তরে আন্দোলন চালিয়ে যাবেন।

আপনার মন্তব্য

আলোচিত