সিলেটটুডে ডেস্ক

০৭ অক্টোবর, ২০২৬ ০২:১১

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বেলজিয়ামে জন্মগ্রহণকারী ৮২ বছর বয়সী এই বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের সঙ্গে যুক্ত।

ছবি: সংগৃহীত

আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে অবদান এবং জ্যোতির্বৈজ্ঞানিক উৎস থেকে উচ্চ-শক্তির নিউট্রিনো শনাক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পদার্থবিজ্ঞানে এ বছরের নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সিস হালজেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোবেল কমিটির সভাপতি মার্ক পিয়ার্স বলেন, ‘ফ্রান্সিস হালজেন গবেষক ও প্রকৌশলীদের একটি আন্তর্জাতিক দলের নেতৃত্ব দিয়েছেন, যারা আমাদের একটি অসাধারণ যন্ত্র উপহার দিয়েছেন। তার অধ্যবসায় ও বৈজ্ঞানিক দূরদৃষ্টি এক নতুন ধরনের জ্যোতির্বিজ্ঞানের পথ প্রশস্ত করেছে।’

বেলজিয়ামে জন্মগ্রহণকারী ৮২ বছর বয়সী এই বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের সঙ্গে যুক্ত।

দক্ষিণ মেরুতে নিউট্রিনো শনাক্তকরণ নিয়ে হালজেনের গবেষণা শুরু হয় ১৯৮০-এর দশকে। পরে তার নেতৃত্বে গড়ে ওঠে আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি, যা বরফের নিচে স্থাপিত বিশাল এক নিউট্রিনো ডিটেক্টর। এর মাধ্যমে মহাবিশ্বের দূরবর্তী জ্যোতির্বৈজ্ঞানিক উৎস থেকে আসা উচ্চ-শক্তির নিউট্রিনো শনাক্ত করা সম্ভব হয়েছে।

এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১২ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার)। এই অর্থ একজন ব্যক্তি, একাধিক বিজয়ীর একটি ছোট দল বা কোনো প্রতিষ্ঠানের মধ্যে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রদান করা হতে পারে।

গত বছর তিন বিজ্ঞানী উপপারমাণবিক কণার অদ্ভুত আচরণ, যাকে কোয়ান্টাম টানেলিং বলা হয়, নিয়ে গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তাদের গবেষণা অতি-সংবেদনশীল পরিমাপের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে এবং উন্নত প্রযুক্তি, যেমন আরও কার্যকর এমআরআই, উন্নত সেলফোন ও দ্রুতগতির কম্পিউটারের বিকাশে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে।

এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয় সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদানের মধ্য দিয়ে। এ পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী, যাদের গবেষণার ফলে আলো ব্যবহার করে মস্তিষ্কের কার্যপ্রণালী পর্যবেক্ষণ ও বিশ্লেষণে সহায়ক একটি প্রযুক্তির বিকাশ সম্ভব হয়েছে। তারা হলেন- কার্ল ডাইসেরোথ (৫৪), পিটার হেগেমান (৭১) এবং গেয়র্গ নাগেল (৭৩)।

এই সপ্তাহে বুধবার রসায়নে নোবেল পুরস্কার এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার পর আগামী সোমবার অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার ঘোষণা করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত