১৪ জানুয়ারি, ২০১৭ ০৯:৫৩
ছবিঃ সংগ্রহীত
বিতর্কিত দক্ষিণ চীন সাগরে নির্মিত দ্বীপমালায় চীনের প্রবেশাধিকার রুদ্ধ করা হলে তা ‘বিপর্যয়কর সংঘাতের’ সৃষ্টি করবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে চীন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মন্তব্যের জবাবেই চীন এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করল। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
টিলারসন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির ‘কনফার্মেশন হেয়ারিং’য়ে দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোতে চীনের পদচারণা নিষিদ্ধ করার প্রস্তাব দেন। চীনের কৃত্রিম দ্বীপ তৈরি বন্ধ করা ছাড়াও ওই দ্বীপগুলোতে তাদেরকে আর যেতে দেওয়া হবে না- এমনই সুস্পষ্ট ইঙ্গিত দেন তিনি।
চীনের রাষ্ট্রপরিচালিত দুটো পত্রিকা তাদের সম্পাদকীয়তে টিলারসনের একথার কড়া সমালোচনা করেছে।
চায়না ডেইলি বলেছে, রেক্স টিলারসন যে 'চীন-মার্কিন' সম্পর্ক এবং কূটনীতি সম্পর্কে কতটা অজ্ঞ, সেটা প্রমাণ করে তার এই মন্তব্য।
পত্রিকাটি আরো বলছে, "যদি তিনি বাস্তবেই এ রকম কোনও পদক্ষেপ নেন, সেটা হবে একটা বিপর্যয়। এর ফলে চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে মারাত্মক সংঘাত শুরু হবে বলে পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন। আর যুক্তরাষ্ট্র কিভাবে আশা করে যে চীনকে তাদের বৈধ সীমানায় ঢুকতে বাধা দিলে চীন নিজেকে রক্ষায় কোনও পদক্ষেপ নেবে না।"
আর গ্লোবাল টাইমস বলেছে, রেক্স টিলারসন আসলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের নিয়োগ নিশ্চিত করতে আর সিনেটরদের সুনজরে আসতে এমন মন্তব্য করেছেন।
পত্রিকাটি আরো বলছে, "ওয়াশিংটন যদি না দক্ষিণ চীন সাগরে বড় আকারে একটি যুদ্ধের পরিকল্পনা করে, অন্য কোনও উপায়ে সেখানে নির্মিত দ্বীপগুলোতে চীনের প্রবেশ ঠেকানোর চেষ্টা হবে একটা বোকামি।"
সূত্র: বিবিসি বাংলা।
আপনার মন্তব্য