১৮ জানুয়ারি, ২০১৭ ০৮:৪৬
রেললাইনের উপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ভারতের দিল্লীতে দুই কিশোর নিহত হয়েছে।
এই ঘটনাটি শনিবার (১৪ জানুয়ারি) ঘটলেও বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমে আসে মঙ্গলবার (১৭ জানুয়ারি)।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল কিশোর দিল্লীর পূর্বে রেললাইনে দাঁড়িয়ে ট্রেনের সামনে ছবি তোলার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে। ছবি তোলার সময় কিশোরদের মধ্যে দুজন সরে যেতে ব্যর্থ হলে তারা রেলগাড়ির নিচে চাপা পড়ে।
গতবছরের একটি গবেষণায় বলা হয়েছিল যে, সেলফির কারণে ভারতেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে।
কার্নেগী মেলোন বিশ্ববিদ্যালয় এবং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের ঐ গবেষণায় দেখা যায় ২০১৪-১৫ সালে বিশ্বজুড়ে ১২৭টি সেলফি সংক্রান্ত মৃত্যুর ৭৬টিই হয়েছে ভারতে।
একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘ছবি তোলার সময় একটি ট্রেন এগিয়ে আসতে দেখে ওই কিশোরেরা সরে দাঁড়ায়। কিন্তু উল্টোদিক থেকে অপর একটি ট্রেন চলে আসে এবং তারা দুটি ট্রেনের মাঝখানে আটকে যায়। দুটি ট্রেনের যেকোন একটির নিচে তারা চাপা পড়ে।’
রেলওয়ে পুলিশের একজন কর্মকর্তা বলেন ছবি তোলার জন্য কিশোররা একটি পেশাদারী ক্যামেরাও ভাড়া করে এনেছিল।
সূত্র : ২৪ঘন্টা নিউজ
আপনার মন্তব্য