ইন্টারন্যাশনাল ডেস্ক

১৯ জানুয়ারি, ২০১৭ ১৮:১৮

ইরানে বহুতল ভবনে আগুন ও ধস, নিহত ৩০

ছবি : রয়টার্স

ইরানের রাজধানী তেহরানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে ধসে পড়েছে ভবনটি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩০ জন নিহত ও দুই শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিবিসি জানিয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পর আগুন নেভাতে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু একপর্যায়ে ওই ভবনই ধসে পড়ে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মেইল অনলাইন জানিয়েছে, নিহত ৩০ জনই ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী। ১৯৬২ সালে নির্মাণ হওয়া ভবনটি ১৭তলা উঁচু। ভবনটিতে একটি শপিং সেন্টারও আছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে ৫০ থেকে ১০০ মানুষ ভবনটিতে আটকা থাকতে পারে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র জালাল মালেকি জানান, ওই ভবনে অগ্নিনির্বাপনের ভালো কোনো ব্যবস্থা ছিল না। এ ব্যাপারে ওই ভবনের ব্যবস্থাপকদের আগেও সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।

ওই ভবনে এর আগেও আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরান ভিত্তিক বেসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

 

আপনার মন্তব্য

আলোচিত