সিলেটটুডে ডেস্ক

২০ জানুয়ারি, ২০১৭ ১৮:২৯

বিয়েতে রাজী না হওয়ায় প্রেমিকের মুখ এসিডে ঝলসে দিলেন প্রেমিকা

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কথিত প্রেমিকার উপর এসিড ছুড়ে মারা ঘটনা প্রায়ই শোনা যায়। তবে এবার ঘটেছে ঠিক উল্টাে ঘটনা। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে সাবেক প্রেমিককে এসিডে ঝলসে দিয়েছে প্রেমিকা।

এই ঘটনাটি ঘটেছে ভারতের ব্যাঙ্গালুরুতে।  এ ঘটনার পর পুলিশ ওই প্রেমিকাকে গ্রেপ্তার করেছে।

বিবিসি’র খবরে বলা হয়েছে,  এসিডে দগ্ধ ওই প্রেমিক সম্প্রতি তার প্রেমিকার সঙ্গে ৪ বছর ধরে চলা সম্পর্কের ইতি টেনেছিলেন।

পুলিশ বলেছে, এটিই কোনও পুরুষকে নারীর এসিড ছোড়ার প্রথম ঘটনা।

প্রেমের সম্পর্কসহ নানা কারণে ভারতে প্রতিবছর হাজারেরও বেশি এসিড নিক্ষেপের ঘটনা ঘটে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, নারীরাই এর শিকার হয়।

ব্যাঙ্গালোর পুলিশের ডেপুটি কমিশনার এমএন আনুচেথ বলেন,  ব্যাঙ্গালুরুতে গত ১২ বছরের রেকর্ডে এমন কোনো কেস নেই যেখানে কোনো মেয়ে কোনও পুরুষকে এসিড ছুড়েছে।

জয়াকুমার পুরুষোত্তম নামের ৩২ বছর বয়সী ওই যুবকের মুখমণ্ডলের ডানদিকে এসিড লাগে, এতে তার কান, গাল এবং কপালের কিছু অংশ ঝলসে যায়। তবে চোখ নষ্ট হয়নি, জানিয়েছে পুলিশ।

পুরুষোত্তম পুলিশকে বলেন, তার বান্ধবী লিদিয়া ইয়েসপল একজন নার্স হিসেবে কাজ করতেন। সে তাকে বিয়ে করতে চাইলেও পুরুষোত্তমের বাবা-মা এই সম্পর্ক মানতে রাজি ছিলেন না। কারণ, দুজনের ধর্ম ভিন্ন ছিল। একজন খ্রিস্টান এবং আরেকজন হিন্দু।

ফলে তিন মাস আগে ওই মেয়ের সঙ্গে পুরুষোত্তমের প্রেমের সম্পর্ক ভেঙে যায়। পুরুষোত্তম কাজে যাওয়ার পথে তার দেহে এসিড ছুড়ে মারেন সাবেক প্রেমিকা।

আপনার মন্তব্য

আলোচিত