সিলেটটুডে ডেস্ক

২১ জানুয়ারি, ২০১৭ ০২:১১

বিশ্ব থেকে কট্টরপন্থী সন্ত্রাসবাদ মুছে ফেলা হবে: ট্রাম্প

৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। শপথস্থল ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের আশ-পাশে বিরোধীদের বিক্ষোভ ও ভাঙচুরের মাঝেই প্রেসিডেন্ট হিসেবে অভিষেক ঘটলো মার্কিন এ ধনকুবেরের।

শপথের পর ১৪৫৩ শব্দের দেয়া এক ভাষণে ট্রাম্প অঙ্গীকার করেছেন শেষ নিশ্বাস পর্যন্ত কাজ করবেন দেশের জনগণের জন্য। তিনি বলেছেন, ‘আমি আপনাদের জন্য লড়াই করবো; শরীরের প্রত্যেকটি নিঃশ্বাসের সঙ্গে। এবং কখনোই নিরাশ করবো না।’

ট্রাম্প ঘোষণা দিয়ে বলেন, আমরা দুটি সহজ নিয়ম অনুসরণ করবো। তিনি বলেন, মার্কিন পণ্য কিনো ও মার্কিনিদের চাকরি দাও।’

ট্রাম্প বলেন, কথা নয়, এখন কাজের সময়। আমেরিকাকে নতুন করে গড়তে হবে। আমেরিকা আর মাথানত করবে না। বিশ্ব থেকে কট্টরপন্থী সন্ত্রাসবাদ মুছে ফেলা হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ দেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টায় এক হয়েছে।
১৯৭৭ সালের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের পর এই প্রথম সবচেয়ে সংক্ষিপ্ত (১৪৫৩ শব্দের) ভাষণ দিয়েছেন ট্রাম্প। এর মূল ও সংক্ষিপ্ত স্লোগান ছিল আমেরিকাই প্রথম। সবার আগে আমেরিকা।

তিনি বলেছেন, ‘ব্যবসা-বাণিজ্য, কর, অভিবাসন ও পররাষ্ট্র বিষয়ে প্রত্যেক সিদ্ধান্ত নেয়া হবে মার্কিন শ্রমিক ও পরিবারগুলো রক্ষা করার জন্য।

ট্রাম্প হোয়াইট হাউসের শপথকে ‘সব মার্কিনিদের কাছে আনুগত্যের শপথ’ বলে মন্তব্য করেছেন। ট্রাম্প যখন ক্যাপিটল ভবনে অভিষেকের ভাষণ দিচ্ছিলেন; সেই সময় বাইরে প্রতিবাদ করতে দেখা যায় বিরোধীদের। অনেকেই শহরের বিভিন্ন এলাকায় ভবনের কাঁচ ও গাড়ি ভাঙচুর করেছেন।

তিনি বলেছেন, ‘এই দিনটি আপনাদের। এই বিজয় আপনাদের, যুক্তরাষ্ট্রের।’

শপথের পর চারটি টুইট করেছেন ট্রাম্প। সেখানে লিখেছেন, ‘আজ আমরা শুধুমাত্র এক প্রশাসন থেকে অন্য প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করছি না অথবা এক পার্টি থেকে অন্য পার্টির কাছেও নয়, আজ আমরা ওয়াশিংটন ডিসি থেকে... ক্ষমতা হস্তান্তর করছি, ফিরিয়ে দিচ্ছি আপনাদের কাছে, মার্কিন জনগণের কাছে।

ট্রাম্প টুইটে বলেছেন, আমাদের কর্মসংস্থান ফিরিয়ে আনব, সীমানা ফিরিয়ে আনব, সম্পদ ফিরিয়ে আনব, আমাদের স্বপ্ন ফিরিয়ে আনব।

এর আগে দেশটির প্রধান বিচারপতি জন রবার্টস নতুন প্রেসিডেন্ট ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করান। ট্রাম্পের হাতে ছিল আব্রাহাম লিংকনের বাইবেল। এ সময় ট্রাম্পের পাশে ছিলেন স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

পরে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে শপথ বাক্য পাঠ করান বিচারপতি ক্লেরেন্স টমাস। দেশটির সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বাইবেল হাতে নিয়ে শপথ পড়েছেন পেন্স।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে বাইবেলে হাত রেখে প্রধান বিচারপতির কাছে শপথ নেন মার্কিন এ ধনকুবের। শপথের পরে ভাষণে ট্রাম্প বলেন, ‘আমরা আবারো যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধশালী করবো। আমরা আবারো যুক্তরাষ্ট্রকে মহৎ করবো। এবং হ্যাঁ আবারো যুক্তরাষ্ট্রকে মহৎ করবো।’

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ওবামা, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তার স্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, দেশটির উচ্চকক্ষ ও নিম্নকক্ষের প্রতিনিধিরাসহ আরো অনেকে।

আপনার মন্তব্য

আলোচিত