সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০১৭ ১৪:৩৫

৭৮টি জঙ্গি হামলার তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউজ

সম্প্রতি হোয়াইট হাউস থেকে ৭৮টি জঙ্গি হামলার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউসের দাবি, এর বেশিরভাগই প্রকাশ করেনি সংবাদমাধ্যম। বা করলেও সেভাবে গুরুত্ব দিয়ে কভার করা হয়নি।

প্রসঙ্গত, কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মিলিটারি কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে দাবি করেন, সংবাদমাধ্যম বহু জঙ্গি হামলার খবরই সঠিকভাবে প্রকাশ করছে না। তারপরই প্রকাশ করা হয় ওই তালিকা।

ট্রাম্প তার বক্তব্যে আরও দাবি করেন, মৌলবাদী জঙ্গি সংগঠনগুলো ফের মার্কিন মাটিতে হামলার ছক কষছে। যেভাবে তারা ৯/১১তে হামলা চালিয়েছিল, যেভাবে বোস্টন থেকে অর্ল্যান্ডো থেকে স্যান বার্নাডিনো থেকে শুরু করে গোটা ইউরোপ জঙ্গি হামলার নিশানা হয়েছে, সেভাবেই হামলার ছক কষা হচ্ছে।

ট্রাম্প অভিযোগ করেন, প্যারিস ও নিসে কী হয়েছে, দেখেছে সারা বিশ্ব। গোটা ইউরোপ আজ জঙ্গিদের চোখ রাঙানিতে ভীত। এছাড়াও আরও বহু জায়গায় হামলা হচ্ছে, যেগুলো সংবাদমাধ্যম চেপে যাচ্ছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সিন স্পাইসারও সংবাদমাধ্যমের সমালোচনা করেন। তিনি বলেন, তারা খুব শীঘ্রই অপ্রকাশিত বহু জঙ্গি হামলার তালিকা প্রকাশ করবেন।

স্পাইসারের দাবি, ট্রাম্প যা করছেন সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে করছেন, সেখানকার বাসিন্দাদের সুরক্ষার কথা ভেবে করছেন। এর মধ্যেই ট্রাম্প দেশের অর্থনীতিকে, কর্মসংস্কৃতিকে চাঙ্গা করতে নানা পদক্ষেপ নিয়েছেন। জঙ্গি হামলার তালিকা প্রকাশ করে সংবাদমাধ্যমকে কঠিন বার্তা দিতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আপনার মন্তব্য

আলোচিত