ইন্টারন্যাশনাল ডেস্ক

১২ ফেব্রুয়ারি , ২০১৭ ১৭:৪০

এবার বিক্রিই হয়ে গেল সেই অ্যাম্বাসেডর

দশক ধরে ব্যক্তিগত গাড়ির জগতে ভারতের আইকনিক ব্র্যান্ড বলা যেতে পারে এটি। বিশেষ করে সরকারি কর্মকর্তা, মন্ত্রী-এমপিদের সবচে প্রিয় ব্র্যান্ড। কিন্তু কী হয়ে গেল- ২০১৪ সাল থেকেই উৎপাদনই বন্ধ করে দিল তারা।

হ্যাঁ, সেই অ্যাম্বাসেডর এবার বিক্রিই হয়ে গেল! হিন্দুস্তান মটরসের কাছ থেকে ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পিজু (Peugeot) ১ কোটি ২০ লাখ ডলারে কিনে নিল এই ব্র্যান্ড। তবে, পিজু এই ব্র্যান্ডটি পুনরুজ্জীবিত করবে কি না তা এখনো পরিষ্কার নয়।

ব্রিটিশ মরিস অক্সফোর্ড কোম্পানি ভিত্তিক অ্যাম্বাসেডর গাড়ি ভারতে তিন দশক ধরে সর্বোচ্চ বিক্রিত গাড়ি ছিল।

পিজু অনেক দিন ধরেই ভারতের বাজারে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। মধ্য নব্বইয়ের দশকে যেসব বিদেশি ব্র্যান্ড ভারতে ঢোকে তার মধ্যে এই কোম্পানিটি অন্যতম। সাতচল্লিশের পর এই সময়টাতেই প্রথম ভারতের অর্থনীতি উদারীকরণ শুরু হয়।

ষাট থেকে মধ্য আশির দশক পর্যন্ত অ্যাম্বাসেডর ছিল ভারতে সামাজিক মর্যাদার একটি প্রতীক। বলতে গেলে এই দেশে একমাত্র বিলাসবহুল ব্যক্তিগত গাড়ি ছিল এটি।
বাইরের সৌন্দর্যের কারণে নাম করতে না পারলেও ভেতরের ডিজাইনটি ছিল ভারতের আবহাওয়া, ভূপ্রকৃতি ও রাস্তার জন্য উপযুক্ত। তাছাড়া ভারতে এটিই প্রথম দিকের ডিজেল চালিত এবং এয়াকন্ডিশন যুক্ত গাড়ি।

তবে যেভাবে এটির উন্নতি হয়েছিল একই ভাবেই পতন ঘটেছে। মধ্য আশির দশকে এর বিক্রি ছিল ২০ হাজার, ২০১৩-১৪ সালে এক লাফে ২ হাজারে নেমে আসে। এরপরই উৎপাদন বন্ধ করে দেয় হিন্দুস্তান মটরস।

অবশ্য গাড়িটির ডিজাইনেও নানা সমস্যা ছিল। এর হ্যান্ডব্রেকটি কখনোই ভালোভাবে কাজ করতো না। তারপরও অন্তত একটি প্রজন্ম এই গাড়ি নিয়ে পাহাড়ি রাস্তা দাপিয়ে বেড়িয়েছে। এর ইন্ডিকেটরও বলতে গেলে অকেজো। ব্রেক ছিল ভয়ানক হালকা এবং স্টিয়ারিং লক ছিলই না! সূত্র: বিবিসি

আপনার মন্তব্য

আলোচিত