১৬ ফেব্রুয়ারি , ২০১৭ ১৪:৫৫
বিশ্বজুড়ে তীব্র সমালোচনার পর অবশেষে মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে সেনা অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে মিয়ানমার। দেশটির সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সেনা অভিযানের সমাপ্তি ঘটেছে এবং এলাকাটি এখন পুলিশের নিয়ন্ত্রণে।
বিবৃতিতে মিয়ানমারের নতুন নিয়োগ পাওয়া নিরাপত্তা উপদেষ্টা থাং টুনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, উত্তর রাখাইনের পরিস্থিতি এখন স্থিতিশীল। সেনা অভিযান বন্ধ, কারফিউ শিথিল এবং শান্তি বজায় রাখার স্বার্থে সেখানে কিছু পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
সেনা অভিযান নিয়ে সমালোচনার মুখে গঠিত সাবেক সেনা কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিশনের প্রসঙ্গ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, আমরা প্রমাণ করেছি কোথাও কোনো নৃশংসতার প্রমাণ থাকলে ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত রয়েছি।
উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবর রাখাইন সীমান্তে একাধিক পুলিশ ফাঁড়িতে হামলা হয়। হামলায় পুলিশের ৯ সদস্যসহ ১৪ জন নিহত হন। হামলার পর রাখাইনে সহিংস অভিযান শুরু করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। তাদের বিরুদ্ধে রোহিঙ্গাদের ধরপাকড়, হত্যা, নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, রাখাইনে দমন-পীড়নের মুখে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংস দমন-পীড়ন চালিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার মুখে পড়ে মিয়ানমার।
সূত্র: বিবিসি, এএফপি ও রয়টার্স
আপনার মন্তব্য