১৬ মার্চ, ২০১৭ ২১:৩১
ফের আক্রান্ত ফ্রান্স। গত কয়েক বছরের ধারাবাহিক হামলার সর্বশেষ এবার ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যালয়ে বৃহস্পতিবার একটি চিঠির খাম খোলার সময় তা বিস্ফোরিত হয়েছে।
এতে একজন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পুলিশ জানায়, বিস্ফোরণে আইএমএফের এক নারী কর্মী আহত হয়েছেন। তার হাত ও মুখমণ্ডল পুড়ে গেছে।
বিস্ফোরণের ঘটনার পরপরই সশস্ত্র পুলিশ ও সেনা সদস্যদের আইএমএফ কার্যালয়ের আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দেখা গেছে।
প্যারিসের প্রাণকেন্দ্রে অবস্থিত স্মৃতিস্তম্ভ 'আর্ক দো ট্রায়োমফে'-এর কাছে অবস্থিত আইএমএফের ভবনে বিস্ফোরণের ঘটনার পর ওই ভবন থেকে সব কর্মীকে 'সতর্কতামূলকভাবে' নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
এ ঘটনাকে 'কাপুরুষোচিত সহিংসতামূলক ঘটনা' আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্দ। তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 'এ ঘটনার তদন্তে এবং আমাদের সব কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।'
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এ ঘটনাকে 'হামলা' হিসেবে অভিহিত করে বলেন, 'আমরা এখনও হামলার লক্ষ্য।'
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে ইসলামিক উগ্রপন্থিদের ভয়াবহ হামলার শিকার হয়ে আসছে ফরাসিরা।
আপনার মন্তব্য