সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল, ২০১৭ ১০:০৯

রাশিয়ায় পাতাল রেলে ‘আত্মঘাতী’ হামলাকারী একজন মধ্য এশিয়ান

রাশিয়াতে পাতাল রেলে বিস্ফোরণে ১১ জনের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তি মধ্য এশিয়ান বংশোদ্ভূত বলে জানাচ্ছে রাশিয়ার স্থানীয় গণমাধ্যম।

এটি একটি আত্মঘাতী সন্ত্রাসী হামলা হতে পারে মনে করছে রাশিয়ান কর্তৃপক্ষ। কিন্তু এখনো পর্যন্ত এর দায় কেউ স্বীকার করেনি। তবে কারা এর সাথে জড়িত থাকতে পারে সেনিয়ে রাশিয়ার সরকার খুব সতর্কভাবে মন্তব্য করছে।

তবে সন্দেহভাজন হামলাকারী ২৩ বছরের তরুণ উগ্রপন্থী ইসলামের মতধারার সাথে সম্পৃক্ত ছিলো বলে জানাচ্ছে রাশিয়ার অন্যতম সংবাদ মাধ্যম ইন্টারফেক্স।

স্থানীয় গণমাধ্যমে অবশ্য হামলাকারী সম্পর্কে কিছু তথ্য আসতে শুরু করেছে।

হামলাকারীর দেহাবশেষ সনাক্ত করা সম্ভব হয়েছে এবং একজন নারীও এই হামলায় জড়িত থাকতে পারে বলে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের দুটো পাতাল রেল স্টেশনের মাঝামাঝি জায়গায় একটি ট্রেনে বিস্ফোরণে এখন পর্যন্ত ১১ জন মারা গেছে। এছাড়া আহত হয়েছে অন্তত ৪৫ জন।

হামলার শিকার হওয়া দুটো স্টেশনই শহরের কেন্দ্রে অবস্থিত। এই ঘটনায় সেন্ট পিটার্সবার্গ শহরে তিন দিনের শোক পালন করা হচ্ছে। রাশিয়ার এই ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা।

তবে এই ঘটনার ব্যাপক প্রতিক্রিয়া পড়েছে সেন্ট পিটার্সবার্গ শহরের সাধারণ মানুষজনের ওপর কারণ এমন ঘটনা সেখানে খুবই বিরল।

বিস্ফোরণস্থল পরিদর্শন করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে ফুল নিবেদন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে ফুল হাতে যাচ্ছেন শহরের হাজারো বাসিন্দা।

সূত্র: বিবিসি বাংলা।

আপনার মন্তব্য

আলোচিত