সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৯ এপ্রিল, ২০১৭ ১২:১২

নিজের অবস্থান স্পষ্ট করতে ফের সনু নিগামের টুইট

আজান নিয়ে বিতর্কিত টুইটের জেরে সোমবার (১৭ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় দিনভর ট্রোলড হয়েছেন গায়ক সনু নিগাম। সেই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করতে ফের টুইট করলেন সনু।

মঙ্গলবার (১৮ এপ্রিল)  তিনি তার টুইট বার্তায় লেখেন, 'আপনাদের স্ট্যান্ড দেখে বোঝা যায় আপনাদের আইকিউ। আমি বলেছিলাম মসজিদ এবং মন্দিরে লাউড স্পিকার বাজানো উচিত নয়।'

মুম্বাইতে সনু যেখানে থাকেন তার ঠিক সামনেই একটি মসজিদ রয়েছে। প্রতি দিন ভোরে আজানের শব্দে তার ঘুম ভাঙে, এমনটাই তার দাবি। আর সেই আজান নিয়ে বিরক্তি জানাতে গিয়ে সোনু প্রথমে ঈশ্বর সকলের মঙ্গল করুন লিখেন দিয়ে গতকাল টুইট শুরু করেছিলেন। কিন্তু, তার পরই কয়েকটি বাক্য জুড়ে দেন। তাতেই ঘটে যতো আপত্তি।

তিনি লেখেন যে, তিনি মুসলিম নন। অথচ প্রতিদিন সকালে আজানের আওয়াজে তার ঘুম ভাঙে। এরপরই তার প্রশ্ন, জোর করে এভাবে ধর্মের সশব্দ ঘোষণা এ দেশে কবে বন্ধ হবে? এখানেই সনু থামেননি। মিনিট পাঁচেক পরের এক টুইটে লিখেছেন, মুহম্মদ যখন ইসলাম সৃষ্টি করেন, তখন তো বিদ্যুৎ ছিল না। তা হলে এখন এই চিৎকার-চ্যাঁচামেচি কেন সহ্য করতে হবে?

দ্বিতীয় টুইটের পরও সনু একই কায়দায় ব্যাট করে গিয়েছেন। তিনি যে শুধু মুসলমানদের আক্রমণ করতে চান না সে কথা বোঝাতে গিয়ে সোনু লিখছেন, মন্দির বা গুরুদ্বারেও ভোরবেলা আলো জ্বালিয়ে অন্য ধর্মের মানুষের ঘুম ভাঙিয়ে দেওয়াতেও আমি বিশ্বাস করি না। এর পরই তিনি দুটি শব্দ লিখেছেন, সত্য? সত্যি? আর তাতেও বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকের মতে, তিনি ব্যঙ্গ করেছেন ওই দুটি শব্দে। চতুর্থ অর্থাৎ শেষ টুইটেও সনু আক্রমণাত্মক ছিলেন। গোটা ব্যাপারটিকে এটা গুণ্ডাগর্দি, ব্যস বলে মন্তব্য করেন গায়ক।

সনুর এ মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। তার মন্তব্যকে সমর্থন করার পাশাপাশি প্রচুর মানুষ তার সমালোচনাও করেন। সেটা সামলাতেই সনু আজ ফের টুইট করলেন বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

আপনার মন্তব্য

আলোচিত