সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৭ জুন, ২০১৭ ১৪:০১

ইরানের পার্লামেন্টে গুলি, ইমাম খামেনির সমাধিতে বোমা হামলা

ইরানের পার্লামেন্ট ভবনে গুলি চালিয়েছে বন্দুকধারী সন্ত্রাসীরা। প্রায় একই সময়ে দেশটির প্রয়াত নেতা ইমাম খামেনির সমাধিতেও বোমা হামলা চালানো হয়।

স্থানীয় সময় বুধবার (৭ জুন) চালানো এ দুটি হামলায় অনেক মানুষ আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিকে দেশটির একজন পার্লামেন্ট সদস্য জানান, তেহরানে পার্লামেন্ট ভবনের ভেতরে তিনজন ব্যক্তি পিস্তল ও রাইফেল নিয়ে প্রবেশ করে গুলি চালায়।

এদিকে আইএসএনএসহ কয়েকটি সংবাদ সংস্থা জানিয়েছে, পার্লামেন্ট ভবনে তিন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলায় এক নিরাপত্তারক্ষীও নিহত হয়েছেন বলে জানা গেছে।   

সংবাদমাধ্যম আইআরআইবি আরো জানিয়েছে, দক্ষিণ তেহরানে অবস্থিত দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি বা ইমাম খামেনির সমাধিতে বোমা হামলা চালায় এক ব্যক্তি। সমাধিটি পার্লামেন্ট ভবন থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। বোমা হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

ইমাম খামেনি ১৯৭৯ সালে ইরানের শাহ সরকারের বিরুদ্ধে বিপ্লবে নেতৃত্ব দেন।

আপনার মন্তব্য

আলোচিত