০৮ জুন, ২০১৭ ০০:৫৩
ফাইল ছবি
শতাধিক যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া মিয়ানমারের সামরিক বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে আন্দামান সাগরে।
বুধবার (৭ জুন) স্থানীয় সময় ১টা ৩০ মিনিটে কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় বিমানটির। এরপর থেকেই নিখোঁজ ছিল ওই বিমান।
যাত্রীদের মধ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন। মিয়েক থেকে ইয়াঙ্গুনের উদ্দেশ্যে যাত্রা করা বিমানটিতে বেশ কয়েকজন শিশু ছিল বলে ধারণা করা হচ্ছে।
মিয়েকের পর্যটন কর্মকর্তা নাইং লিন জাও বলেন, দাওয়েই শহর থেকে ১৩৬ মাইল দূরে সাগরে বিধ্বস্ত বিমানের একটি অংশ উদ্ধার করা হয়েছে। নৌবাহিনী এখনো সাগরে তল্লাশি অব্যাহত রেখেছে।
মিয়ানমারের সেনাবাহিনীর একটি সূত্র এএফপিকে জানিয়েছে, নৌবাহিনীর একটি উদ্ধার জাহাজ ইয়াঙ্গুন থেকে আকাশপথে সাগরে এক ঘণ্টার দুরত্বে বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছে। বিমানটিতে কতজন ছিলেন, এ সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন রকমের তথ্য পাওয়া গেছে। সর্বশেষ হালনাগাদ তথ্যে জানা গেছে, বিমানটিতে ১০৬ যাত্রী ছিলেন ও ক্রু ছিলেন ১৪ জন। বিমানটিতে অনেক শিশুও ছিল।
বিমানটির খোঁজে নৌবাহিনীর চারটি জাহাজ ও বিমানবাহিনীর দু'টি বিমান নিয়োজিত করা হয়। বিমানটি নিখোঁজ হওয়ার সময় খারাপ আবহাওয়ার কোনো খবর শোনা যায়নি।
বিমানটি ছিল চীনে নির্মিত চার ইঞ্জিনের ওয়াই-এইটএফ-২০০, যেটি মিয়ানমার সেনাবাহিনী কার্গো আনা-নেয়ার কাজে ব্যবহার করে। গতবছরের মার্চে মিয়ানমার সেনাবাহিনীতে কমিশন্ড হওয়ার পরে এটি ৮০৯ ঘণ্টা ফ্লাইং আওয়ার অর্জন করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
আপনার মন্তব্য