আন্তর্জাতিক ডেস্ক

০৪ ফেব্রুয়ারি , ২০২০ ১৬:২৮

মার্কিন বিশেষজ্ঞদের প্রবেশে অনুমতি দিতে সম্মত চীন

করোনাভাইরাস সংক্রমণ বন্ধে চীনের প্রতি সাহায্যের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিশেষজ্ঞদের সাহায্য করার অনুমতি  দিতে সম্মত হয়েছে চীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

জুড ডিরি নামক হোয়াইট হাউজের ওই কর্মকর্তা জানান, সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছিল চীন তা গ্রহণ করেছে। মূলত: বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বিশেষজ্ঞ দল চীনে নতুন করোনাভাইরাসটি সম্পর্কে তথ্য সংগ্রহে যাবেন, তাদের সঙ্গেই মার্কিন জীবাণু বিশেষজ্ঞ এবং চিকিৎসা বিজ্ঞানীদের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাহায্য করার ইচ্ছাকে স্বাগত জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র হুয়া চুনিং এক বিবৃতিতে বলেন, ইতোপূর্বে যুক্তরাষ্ট্র অনেকবার সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছে। এবার অনুমতি পাওয়ার পর আমরা খুব শিগগিরই তাদের কাছ থেকে প্রতিশ্রুত সাহায্য এসে পৌঁছবে এমন প্রত্যাশা করছি। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

এদিকে, চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা উন্নীত হয়েছে ৪২৫ জনে। ভাইরাস সংক্রমণ শনাক্ত করা গেছে আরও ২০ হাজার ৪৩৮ জনের। মঙ্গলবার চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ এক ঘোষণায় এসব তথ্য জানায়। তবে পুরো বিশ্বের পরিসংখ্যান মেলালে ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা উন্নীত হয়েছে ৪২৭ জনে। যার মাঝে মঙ্গলবার সকালেই চীনের স্বশাসিত ভূখণ্ড হংকংয়ে নিহত এক ব্যক্তিও আছেন।

সর্বশেষ এই পরিসংখ্যানে যুক্ত হয়েছে নতুন করে ৬৪টি প্রাণহানি এবং চীনা মুল ভূখণ্ডে আরও তিন হাজার ২৩৫ রোগীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন সূত্র যা নিশ্চিত করে।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্রস্থল হুবেই প্রদেশের দৈনিক তথ্যসারণী অনুসারে এখন পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা ৪১৪ জনে উন্নীত হয়েছে। সেখানেও নতুন করে ৬৪টি নতুন মৃত্যু তালিকায় যোগ হয়।

আপনার মন্তব্য

আলোচিত