আন্তর্জাতিক ডেস্ক

০৮ ফেব্রুয়ারি , ২০২০ ১২:১১

করোনাভাইরাস: সাপ-বাদুড়ের পর এবার আলোচনায় বনরুই

এ ভাইরাস ছড়ানোর জন্য প্রথমে সাপকে দায়ী করেন গবেষকরা। পরে তারা দায়ী করেন বাদুড়কে। তবে এবার গবেষকরা মনে করছেন করোনাভাইরাসের পোষক বনরুই। রয়টার্স

করোনাভাইরাসের আরএনএ বিন্যাস করা হয়েছে। বনরুইয়ের শরীরে পাওয়া করোনাভাইরাসের বিন্যাসের ৯৯ শতাংশ মিল রয়েছে বলে দাবি করেছেন গুয়াংজু প্রদেশের সাউথ চীন এগ্রিকালচার ইউনিভার্সিটির গবেষকরা।

নভেল করোনাভাইরাসের (২০১৯-এনসিওভি) আদি পোষক বাদুড় হলেও মানুষের মাঝে এর বিস্তারে আরেকটি প্রাণীর ভূমিকা রয়েছে বলে গবেষকরা মনে করছেন। তাদের ধারণা, সেই প্রাণীটি হল বনরুই।

এ ধরনের পোষক প্রাণীকে বলা হয় মধ্যবর্তী বাহক। তবে চীনা বিজ্ঞানীদের গবেষণার এই ফলাফল কতটা বিশ্বাসযোগ্য, সেই প্রশ্ন তুলেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। তারা বলছেন, নিশ্চিত করে বলার আগে এ নিয়ে বিস্তর গবেষণা প্রয়োজন।

৩০ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ার পর নতুন করোনাভাইরাস শনাক্ত করে চীন। এশিয়ার বিশাল এ দেশটির হুবেই প্রদেশের উহান শহরের একটি সি ফুড মার্কেট থেকে ওই ভাইরাস ছড়িয়েছে বলে তখন থেকেই ধারণা করে আসছেন বিজ্ঞানীরা।

সি ফুডের পাশাপাশি বিভিন্ন ধরনের জীবিত বন্যপ্রাণীও ওই মার্কেটে বিক্রি হত। পরে সেটি বন্ধ করে দেয় চীনা কর্তৃপক্ষ। তবে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকানো যায়নি। এ ভাইরাস কীভাবে মানুষের দেহে এসেছে তাও খোলাসা করতে পারেননি বিজ্ঞানীরা। এ ভাইরাসে এরই মধ্যে চীনে ৬৩৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ৩২ হাজার।

আপনার মন্তব্য

আলোচিত