সিলেটটুডে ডেস্ক

০১ মার্চ, ২০২০ ১৫:৪৬

মোদির নিজেরই নাগরিকত্বের সনদ নেই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাগরিকত্বের কোনো কাগজপত্র থাকার দরকার নেই, জন্মসূত্রেই তিনি ভারতীয়। তথ্য অধিকার আইনে (আরটিআই) মোদির নাগরিকত্ব নিয়ে এক ব্যক্তির করা প্রশ্নের জবাবে এ তথ্য জানায় ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তর।

চলতি বছরের ১৭ জানুয়ারি শুভঙ্কর সরকার নামে এক ব্যক্তি আরটিআই'র মাধ্যমে জানতে চান প্রধানমন্ত্রীর নাগরিকত্বের কাগজপত্র রয়েছে কি না। তারই উত্তরে পিএমও'র সচিব প্রবীণ কুমার জানান, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী জন্মসূত্রেই ভারতীয়।

এদিকে ভারতে যখন হিন্দুত্ববাদী রাজনীতির উগ্র তাণ্ডবে সংখ্যালঘুদের নাগরিকত্ব এবং জীবনের অধিকার বিপন্ন ঠিক তার মাঝেই এমন তথ্য জানা গেল। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে এখন দিল্লির বিক্ষোভ দাঙ্গায় রূপ নিয়েছে। সেখানে খোদ পুলিশ সংখ্যালঘু নির্যাতনে সবার আগে। আবার অবৈধ বাংলাদেশি বলে আসামে অনেক ভারতীয় মুসলিমের নাগরিকত্ব বাতিল করা হচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকার।

এ অবস্থায় তথ্য অধিকার আইনের আওতায় পাঠানো মোদির দপ্তরের চিঠিটির একটি ছবি টুইট করেন সেদেশের  খ্যাতিমান সাংবাদিক সিমি পাশা।

সেখানে তিনি লিখেছেন, যদি আলোচিত আইনের আওতায় খোদ প্রধানমন্ত্রীর নিজেরই নাগরিকত্বের সনদ না থাকে, অন্যদের কেন তা দেখাতে হবে?

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই এই তথ্য চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। বিশেষত আসামে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) তৈরির পরে অনেক মানুষ নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হয়ে 'ডিটেনশন' শিবিরে ঠাঁই পেয়েছেন।

এই অবস্থায় নরেন্দ্র মোদির দপ্তরের যুক্তিকে 'খোঁড়া' ও 'ভারসাম্যহীন' বলছেন অনেকেই।

আপনার মন্তব্য

আলোচিত