সিলেটটুডে ডেস্ক

১৮ এপ্রিল, ২০২০ ২০:৩২

লকডাউন ভেঙে ষাঁড়ের শেষযাত্রায় মানুষের ঢল

নভেল করোনাভাইরাসের কারণ বিশ্বের অনেক দেশের মত ভারতেও চলছে লকডাউন। এই সময়ে করোনাভাইরাসে পরিবারের সদস্য মারা যাওয়ার পরও অনেক জায়গায় দেহ নিতে যাচ্ছেন না কেউ। আর কোথাও আবার ষাঁড়ের মৃত্যুর পর তার শেষকৃত্যে কয়েকশ মানুষ জড়ো হচ্ছেন। লকডাউনের মাঝেই এমন ছবি দেখা ধরা পড়ল তামিলনাড়ুতে।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, তামিলনাড়ুর মুধুবারাপট্টি নামে এক গ্রামে বুধবার এই ঘটনা ঘটে। সেখানে জাল্লিকাট্টুর একটি ষাঁড়ের মৃত্যু হয়। তামিলনাড়ুর জনপ্রিয় উৎসব জাল্লিকাট্টুতে অংশ নেওয়া ষাঁড়দেরও খুব কদর মানুষের কাছে। তেমনই একটি ষাঁড়ের মৃত্যু হওয়ার পর তার শেষযাত্রায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই অংশ নেন কয়েকশ গ্রামবাসী। সে ছবিই ধরা পড়ছে উপস্থিত কারও ক্যামেরায়। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন

টুইটারে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ষাঁড়টিকে ভ্যানের মতো কোনও গাড়িতে চাপানো হয়েছে। তার উপর ফুল, মালা দেওয়া হয়েছে, ধূপ জ্বলছে। আর সামনে, পিছনে, চার পাশে কয়েকশ মানুষ রীতিমতো শোভাযাত্রা করে এগিয়ে চলেছেন তার শেষকৃত্য সম্পন্ন করতে।

এই গ্রামবাসীদের পরস্পরের থেকে দূরত্ব রাখা তো দূরের কথা, কারও মুখেই প্রায় কোনও মাস্ক নেই। সবাই একসঙ্গে এ ভাবেই চলছেন।

তামিলনাড়ুতে প্রায় সাড়ে বারোশ মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। তাও মানুষ যে সতর্ক নন, বার বার সেই ছবি সামনে আসছে।

আপনার মন্তব্য

আলোচিত