সিলেটটুডে ডেস্ক

২৬ অক্টোবর, ২০১৫ ১২:২০

তাভেলা হত্যা : নির্দেশদাতা ‘বড়ভাই’ কে খুঁজছে পুলিশ

ভাড়াটে খুনিদের দিয়েই তেভেলা সিজারকে হত্যা করা হয়েছে। টার্গেট ছিলো গুলশান এলাকায় যেকোন একজন বিদেশি নাগরিক খুন। খুনিদের টাকা দিয়ে এই কাজে সম্পৃক্ত করে কথিত এক 'বড়ভাই'। সেই 'বড়ভাই' কে জানা না গেলেও তাকে খুঁজছে পুলিশ।

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে খুনিরা বলেন- " বড়ভাই বলছে সরকার বেশি বেড়ে গেছে তাই যেকোন একজন সাদা চামড়ার বিদেশির লাশ দরকার"। সংশ্লিষ্ট সূত্রের খবর 'বড়ভাই' জামায়াতে ইসলামির রাজনীতির সাথে জড়িত।

অপারেশনে অংশ নেয়া ৩ খুনির স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিস্তারিত তোলে ধরে মহানগর গোয়েন্দা কার্যালয়ে পুলিশ কমিশনার আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে তাভেলা সিজার হত্যার বিবরণ দেন।

তিনি জানান, ঘটনার দিন ৩ খুনি একটি মটরসাইকেল নিয়ে গুলশান এলাকায় আসে এবং তাভেলাকে খুন করে আবার মটরসাইকেল যোগেই পালিয়ে যায়।

সেই মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।  রুবেল, চাকতি রাসেল ও ভাগ্নে রাসেল তিনজন হত্যাকাণ্ডে অংশ নেয়। আর মোটরসাইকেলের মালিক ইয়াবা ব্যবসায়ী শাহাদাত হোসেন শরিফ তাদের মোটরসাইকেল সরবরাহ করে। অপারেশন শেষে শরিফকে তাঁর মোটরসাইকেল বুঝিয়ে দেয় তিন খুনি।  তিন খুনির সাথে মোটরসাইকেল মালিক শরিফকেও আটক করেছে পুলিশ।  

পুলিশ কমিশনার জানান, ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি কোথায় তাও সনাক্ত করা হয়েছে, শীঘ্রই তা জব্দ করা হবে।

পুলিশ কমিশনার বলেন, আটক খুনিরা নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে একজন সাদা চামড়ার বিদেশীকে হত্যার কাজে যুক্ত হয়। খুনের আগে টাকার একটা অংশ পেয়েছিল কিন্তু এখনো একটা অংশ পায়নি।

বাংলাদেশকে অস্থিতিশীল করতে এমন হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে জানিয়ে আসাদুজ্জামান বলে এই ঘটনায় আইএস এর কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি।

আইএস দায় স্বীকার করার খবরের কোন এভিডেন্স নেই, কেবল সাইট ইন্টিলিজেন্স নামক আমেরিকান প্রতিষ্ঠান এটি প্রচার করছে। তাদেরকে মেইল করা হলেও পুলিশকে তারা কোন জবাব দেয়নি বলেও জানান তিনি।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ খুনি সহ চারজনকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয় বলে দাবি ডিবি পুলিশের।

এই চারজন হলেন- রাসেল ওরফে ভাগনে রাসেল, রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল ওরফে চাকতি রাসেল ও শরীফ। ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত