২৯ নভেম্বর, ২০২৬ ২০:৫৪
ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) যুগ্ম সাধারণ সম্পাদক এমরান আহমদ লিমনের বাবা ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমদ, আবু সুফিয়ান ও অয়ন দাস।
এজাহার সূত্রে জানা গেছে, জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আনন্দপুর গ্রামে ফারুক আহমদের বাড়িতে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সরকারের পতনের পরও দেশবিরোধী ষড়যন্ত্র, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি চলছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
ফারুক আহমদের ছেলে ও জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান আহমদ লিমন বলেন, আমি যুক্তরাজ্যে বসবাস করি। আমার বাবা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার কারণে আমার বাবাকে পুলিশ ধরে নিয়ে মামলা দিয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ফারুক আহমদের বিরুদ্ধে অন্য আসামিদের আশ্রয় দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য